
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাম মন্দিরের কাজ চলছে দ্রুত গতিতে, কিছু দিনের মধ্যেই উদ্বোধন হবে এই বহুল চর্চিত মন্দিরের। এই মন্দির উদ্বোধনের আগে গোটা অযোধ্যা শহর সাজিয়ে তোলা হবে বলে সূত্রের খবর। শহরে প্রয়োগ করা হবে অভিন্ন রং-বিধি। শহরের সমস্ত মন্দির হবে গেরুয়া। বাড়ি, বাণিজ্যিক প্রতিষ্ঠানও রাঙানো হবে নির্দিষ্ট রঙে। অযোধ্যা উন্নয়ন পর্ষদ মন্দিরের রং স্থিরও করে ফেলেছে।
অযোধ্যা উন্নয়ন পর্ষদ সূত্রে খবর, বাণিজ্যিক প্রতিষ্ঠান, মানুষের বাসস্থান, ধর্মীয় স্থান এবং ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন জায়গার ক্ষেত্রে এক একটি রং বেছে নেওয়া হবে। শহর এবং সংলগ্ন এলাকায় সমস্ত পরিকাঠামোতেই পড়বে নির্দিষ্ট রঙের প্রলেপ। রাম জন্মভূমি এলাকায় সমস্ত মন্দিরের রং হবে গেরুয়া। শুধু মন্দির, বাড়ি বা বাণিজ্যিক সংস্থাই নয়, রাস্তার দু’ধার বা ফুটপাথেও নির্দিষ্ট রং হবে।
অযোধ্যা উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান বিশাল সিংহ বলেন, ‘‘বাণিজ্যিক, বসতি, ধর্মীয় এবং ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এমন বিল্ডিংয়ে নির্দিষ্ট রং করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে কোন বিল্ডিংয়ে কী রং হবে তা এখনও চূড়ান্ত নয়। তবে রাম জন্মভূমির পথে সমস্ত মন্দিরের রং যে গেরুয়া করা হবে তা নিয়ে সিদ্ধান্ত হয়ে গিয়েছে।’’
