
ইয়াদাদ্রি-ভুবনগিরি, ২২ আগস্ট : তেলেঙ্গানার ইয়াদাদ্রি-ভুবনগিরি জেলায় একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থায় আকস্মিক বিস্ফোরণে দু'জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ৯ জন মারাত্মকভাবে আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
শনিবার দমকল সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ওষুধ প্রস্তুতকারক সংস্থায় আগুন লাগে। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে পুরো এলাকা| পরপর কয়েকটি বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা চত্বর। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। ঘটনাস্থল থেকে তড়িঘড়ি আহত ৯ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। গুদামের ভেতর কোনও রাসায়নিক বিক্রিয়া নাকি শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে প্রশাসন ও দমকল।
