
লখনউ, ২ মার্চ: আসন্ন লোকসভা নির্বাচনকে সুষ্ঠু ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত করাই লক্ষ্য। জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। শনিবার লখনউতে আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, "আমাদের উদ্দেশ্য হল ভোট যাতে খুব স্বচ্ছ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় তা নিশ্চিত করা। ৭টি রাজনৈতিক দল আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল- এএপি, বিজেপি, সিপিআই (এম), কংগ্রেস এবং আঞ্চলিক দলগুলি থেকে- বিএসপি, সমাজবাদী পার্টি এবং আপনা দল। সকলেই বলেছেন এবং দাবি করেছেন, নির্বাচনের জন্য নির্বাচন কমিশন যে উচ্চ মানদণ্ড তৈরি করেছে তা আরও কঠোরভাবে অনুসরণ করতে হবে, পুলিশকে সবার জন্য সমান হতে হবে, নির্বাচনে অর্থ শক্তি ও পেশিশক্তি ব্যবহার করা উচিত নয়।"
আসন্ন লোকসভা নির্বাচনের বিষয়ে কথা বলতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আরও বলেছেন, "প্রথমবারের মহিলা ভোটারদের সংখ্যা ৭,২৬,০০০ যা বেশ ভাল, প্রতিটি বুথে, সব ধরণের সুযোগ-সুবিধা দেওয়া হবে। ভোটকেন্দ্রে ভোটারদের অভিজ্ঞতা যাতে ভালো হয়, তা নিশ্চিত করাই লক্ষ্য। কিছু বুথ সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত হবে, যাদের বয়স ৮৫ বছরের বেশি তাঁদের নিজেদের বাড়িতেই ভোটাধিকার প্রয়োগের সুবিধা দেওয়া হবে। আমরা চাই মানুষ নির্বাচনী ভূমিকায় অংশগ্রহণ করুক এবং তারপর ভোট দিতে আসুক।"
