Country

2 years ago

Tejaswi Yadav:বিহারে তেজস্বীর কনভয়ে ভয়াবহ দুর্ঘটনা,পুলিশের গাড়ির চালক মৃত, আহত আরও ৮

Tejaswi Yadav
Tejaswi Yadav

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দুর্ঘটনার কবলে তেজস্বী যাদবের (Tejaswi Yadav) কনভয়ের গাড়ি। সোমবার রাতে বিহারের পূর্ণিয়ায় জেলায় তেজস্বী যাদবের কনভয়ে থাকা একটি পুলিশের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কায় উল্টে যায় পুলিশের গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালকের। দুর্ঘটনায় আরও আটজন জখম হয়েছেন বলে খবর।

লোকসভা ভোটের আগে বিহারজুড়ে ‘জনবিশ্বাস যাত্রা’ শুরু করেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। প্রায় রোজই নানা দিকে যাচ্ছেন তিনি। গতকাল রাতে পূর্ণিয়া থেকে কাটিহারের দিকে যাচ্ছিল তেজস্বীর কনভয়। তখনই দুর্ঘটনা ঘটে।

রাত ১১টা নাগাদ পূর্ণিয়া জেলার বেলাউরির কাছে কনভয়ে থাকা পুলিশের গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে। সেই গাড়িটি উল্টো দিক থেকে আসছিল। মুখোমুখি ধাক্কায় পুলিশের গাড়ি উল্টে যায়। গাড়ির চালক মহম্মদ হালিমের মৃত্যু হয় ঘটনাস্থলেই। ওই গাড়িতে থাকা তিন জন পুলিশকর্মীও আহত হন। উল্টো দিক থেকে আসা গাড়িটির সামনের অংশও দুমড়ে মুচড়ে যায়। সেই গাড়িতে থাকা চার জন মারাত্মকভাবে জখম হয়েছেন বলে খবর। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। সকলকেই পূর্ণিয়ার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পূর্ণিয়ার পুলিশ সুপার উপেন্দ্রনাথ বর্মা পৌঁছেছেন ঘটনাস্থলে। হাসপাতালে আহতদের সঙ্গে কথাও বলেন তিনি। পুলিশ সুপার জানাচ্ছেন, রাতের বেলা ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটেছে। কনভয়ে যে পুলিশের গাড়িটিতে দুর্ঘটনা ঘটে তার পিছনেই তেজস্বীর গাড়ি ছিল কিনা তা জানা যায়নি। পুলিশের অনুমান, পূর্ণিয়া-কাটিহার জাতীয় সড়ক ধরে এগনোর সময় পুলিশের গাড়িটি কনভয় থেকে বেরিয়ে ভুল দিকে চলে যাচ্ছিল। সে জন্যই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। পুলিশ সবটা খতিয়ে দেখছে।


You might also like!