
মোরবি, ৯ মার্চ : গুজরাটের মোরবিতে নির্মীয়মান মেডিকেল কলেজ ভবনের একাংশ ভেঙে আহত হয়েছেন ৪ জন। আহতরা সবাই নির্মাণ কর্মী। শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটেছে। মোরবির দমকল অফিসার দেবেন্দ্র সিং জাদেজা বলেছেন, "শুক্রবার রাত ৮টা নাগাদ আমরা এ বিষয়ে জানতে পারি, আমাদের ফোন করে জানানো হয় একটি নতুন মেডিকেল কলেজের একটি পাশের স্ল্যাব, যা নির্মাণ করা হচ্ছে, ভেঙে পড়েছে। আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে ৪ জনকে উদ্ধার করে। একজন তখনও আটকে পড়েছিলেন, শুধুমাত্র তাঁর মুখ দেখা যাচ্ছিল এবং তাঁর পুরো শরীরটি স্ল্যাব এবং কংক্রিটের মধ্যে আটকে ছিল। শনিবার ভোররাত তিনটে নাগাদ আমরা তাঁকে উদ্ধার করি এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়।"
এ বিষয়ে বিজেপি বিধায়ক দুর্লভজিভাই দেথারিয়া বলেছেন, "মোরবিতে সরকারি মেডিকেল কলেজের নির্মাণকাজ চলছে, একটি স্ল্যাব যা ভরাট করা হচ্ছিল তা ভেঙে পড়েছে...এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা। এর জন্য দায়ী যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে অনুরোধ করব, সেই ঠিকাদার অথবা আধিকারিক হোক না কেন।"
