
নয়াদিল্লি, ১৮ জানুয়ারি : জাঁকিয়ে শীত থেকে কোনওভাবে নিস্তার পাচ্ছে না দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে। বুধবারও দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে হাড় কাঁপানো ঠান্ডা ছিল। শীতের দাপটে জবুথবু অবস্থা দিল্লিতে। বুধবার দিল্লির সফদরজং-এ সর্বনিম্ন তাপমাত্রা কমে ২.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছয়, পালমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.০ ডিগ্রি সেলসিয়াস ও আয়ানগরে ৩.২ ডিগ্রি সেলসিয়াস। হাড় কাঁপানো ঠান্ডার পাশাপাশি কুয়াশার দাপটে এদিনও জনজীবন বিপর্যস্ত হয়েছে দিল্লিতে।
শুধুমাত্র দিল্লি নয়, উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে এদিন ছিল জাঁকিয়ে ঠান্ডা। রাজস্থানের চুরুতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে হিমাঙ্কের নীচে চলে যায়। সেখানে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১.২ ডিগ্রি সেলসিয়াস, সিকারে মাইনাস ১.৫ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডায় কেঁপেছে হরিয়ানাও। হরিয়ানার নারনাউলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০.৫ ডিগ্রি সেলসিয়াস ও হিসাবে ১২.০ ডিগ্রি সেলসিয়াস।
