
উধমপুর ও কানপুর, ১৮ মে: তাপমাত্রার পারদ ক্রমেই ঊর্ধ্বমুখী, এরই প্রেক্ষিতে জম্মু ও কাশ্মীরের উধমপুরে পশু-পাখিদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পশু-পাখিদের শীতল রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। উধমপুর বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ অফিসার মহেশ আবরোল বলেছেন, "তাপমাত্রা বৃদ্ধি মানুষের পাশাপাশি পশু-পাখিদেরও প্রভাবিত করছে। মেডিক্যাল টিম নিয়মিত চেকআপ করছে। অতিরিক্ত গরমের সময়, আমরা তরমুজ দিয়ে থাকি এবং প্রাণীদের জন্য আমরা নিয়মিত গ্লুকোজ সরবরাহ করি।"
এদিকে, চিড়িয়াখানায় পশু-পাখিদের তাপপ্রবাহ থেকে মুক্তি দিতে স্প্রিংকলার এবং কুলার বসানো হয়েছে কানপুরের চিড়িয়াখানায়। কানপুর চিড়িয়াখানার চিফ মেডিক্যাল অফিসার ডাঃ অনুরাগ সিং বলেছেন, "অতিরিক্ত তাপের কারণে বন্য প্রাণীরা প্রভাবিত হচ্ছে। তাপপ্রবাহের বিরূপ প্রভাব থেকে পশু-পাখিদের রক্ষা করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা কুলার এবং স্প্রিঙ্কলার বসিয়েছি। আমরা তাদের খাদ্যতালিকায়ও প্রয়োজনীয় পরিবর্তন করেছি... আমরা নিয়মিত চিড়িয়াখানার প্রতিটি প্রাণীর ওপর নজর রাখছি।"
