
নয়াদিল্লি, ৪ জুলাই : গোটা দেশজুড়ে ধর্মীয় রীতি মেনে শুরু হয়েছে মহাদেবের শ্রাবণ মাসের পুজো। মধ্যপ্রদেশের উজ্জয়িনী হোক অথবা উত্তর প্রদেশের অযোধ্যা, কিংবা দিল্লি-দেশের সর্বত্রই মন্দিরে-মন্দিরে শুরু হয়েছে মহা শ্রাবণের পুজো। 'শ্রাবণ' মাসের প্রথম দিনে ধর্মীয় রীতি ও আচার মেনে চলে পূজার্চনা। মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে মঙ্গলবার সকালেই পুরোহিতরা 'ভস্ম আরতি' করেন।
যেহেতু পুরো শ্রাবণ মাসটি ভগবান শিবের উপাসনায় নিবেদিত, তাই এই আরতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা বিশ্বাস করা হয় যে ভগবান শিবের আরাধনা করলে মানুষের জীবনে শান্তি ও সমৃদ্ধি আসে। ভক্তদের ও উপাসকদের বলতে শোনা যায় 'হর হর মহাদেব' এবং 'ভোলেনাথ কি জয়'। অযোধ্যার নাগেশ্বর মন্দিরের এদিন চলে পূজার্চনা। দিল্লির চাঁদনি চক এলাকায় শ্রী গৌরী শঙ্কর মন্দিরে সকাল থেকেই পুজো দিতে ভিড় জমান পুণ্যার্থীরা।
দেশের বিভিন্ন প্রান্তে মঙ্গলবার থেকে ১২-দিনব্যাপী বার্ষিক কানওয়ার যাত্রার সূচনা হয়েছে। তীর্থযাত্রীদের বিশাল ভিড় সামাল দিতে উত্তরাখণ্ড এবং উত্তর প্রদেশ সরকার বিশেষ ব্যবস্থা নিয়েছে। উত্তর প্রদেশের মিরাট, সাহারানপুর, গাজিয়াবাদ, শামলি এবং বাঘপত জেলার মধ্য দিয়ে গিয়ে চলতি মাসের ১৫ তারিখ উত্তরাখণ্ডের হরিদ্বার, গোমুখ এবং গঙ্গোত্রীতে এই যাত্রা শেষ হবে।
