
পাটনা, ১৩ মে: ভোটের আবহেই অন্য ভূমিকায় দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মাথায় পাগড়ি বাঁধলেন তিনি। গুরুদ্বারের লঙ্গরে সেবাও করলেন। ভক্তদের পাতে পরিবেশন করলেন খাবার। প্রধানমন্ত্রীকে এই রূপে দেখে আপ্লুত সবাই।
সোমবার সকালে পাটনার গুরুদ্বার পাটনা সাহিবে দর্শন করতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাদা কুর্তা, উপরে ধূসর জহরকোট এবং মাথায় কমলা পাগড়ি পরিহিত অবস্থায় দেখা যায় প্রধানমন্ত্রীকে। গুরুদ্বারে প্রণামের পর লঙ্গর সেবা করতে যান প্রধানমন্ত্রী মোদী। সেখানে তাঁকে কড়াইয়ে পাক দিতে, রুটি বেলতে দেখা যায়। এরপর তিনি বালতি নিয়ে খাবার পরিবেশন করেন গুরুদ্বারে আগত ভক্তদের মধ্যে।
গুরুদ্বার পাটনা সাহিবে প্রধানমন্ত্রীর এই আগমণ প্রসঙ্গে বিজেপি নেতা অশ্বিনী চৌবে বলেছেন, "আমাদের প্রধান সেবক প্রধানমন্ত্রী মোদী পুণ্য স্থান পরিদর্শন করেছেন এবং গুরু গোবিন্দ সিংকে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি ''সেবা''ও করেছেন।"
