
নয়াদিল্লি, ১৩ এপ্রিল : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জালিয়ানওয়ালাবাগ-এর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বৃহস্পতিবার এক টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, "জালিয়ানওয়ালাবাগে শহীদ হওয়া সকলের আত্মত্যাগকে স্মরণ করছি। তাঁদের মহান আত্মত্যাগ আমাদের বীর স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন পূরণ করতে এবং একটি শক্তিশালী ও উন্নত ভারত গড়তে আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করে।"
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এদিন জালিয়ানওয়ালাবাগ-এর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। ১৯১৯ সালে এই দিনে ব্রিটিশ শাসনের নিষ্ঠুর চেহারা সমগ্র বিশ্ব প্রত্যক্ষ করেছিল বলে তিনি উল্লেখ করেন। ১৯১৯ এর ১৩ এপ্রিল রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে একটি শান্তিপূর্ণ জমায়েতে জেনারেল ডায়ারের নেতৃত্বে ব্রিটিশ বাহিনী নির্বিচারে গুলি চালায়। মারা যান বহু মানুষ, আহত হন অনেকে।
