
নয়াদিল্লি, ১৮ জানুয়ারি : উত্তর প্রদেশের বাস্তি জেলায় "সংসদ খেল মহাকুম্ভ ২০২২-২৩"-এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সংসদ খেল মহাকুম্ভের দ্বিতীয় পর্বের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রী বলেছেন, "বাস্তিতে জমকালো খেলা মহাকুম্ভের আয়োজনে আমি আনন্দিত। এর ফলে স্থানীয় খেলোয়াড়রা উড়ানের সুযোগ পাবেন। আমাকে বলা হয়েছে, ভারতের প্রায় ২০০ জন সাংসদ নিজেদের নির্বাচনী এলাকায় এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছেন।"
প্রধানমন্ত্রীর কথায়, "আমি কাশীর সাংসদ। সেখানেও এই ধরনের ক্রীড়া অনুষ্ঠানের ধারাবাহিকতা শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় এই ধরনের খেলা মহাকুম্ভের আয়োজন করা হচ্ছে। সাংসদরা নতুন প্রজন্মের ভবিষ্যত গড়তে কাজ করছেন।"
প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, "সংসদ খেল মহাকুম্ভে ভাল প্রদর্শন করা তরুণ ক্রীড়াবিদদের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার প্রশিক্ষণ কেন্দ্রে আরও ভাল প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হচ্ছে। এতে দেশের যুবশক্তি উপকৃত হবে। এই মহাকুম্ভে ৪০ হাজারের বেশি যুবক অংশ নিচ্ছেন।" প্রধানমন্ত্রীর কথায়, "সংসদ খেল মহাকুম্ভের আরেকটি বিশেষত্ব হল আমাদের মেয়েরা এতে বিপুল সংখ্যক অংশগ্রহণ করছে। আমি আত্মবিশ্বাসী যে বাস্তি, পূর্বাচল, উত্তর প্রদেশ এবং দেশের মেয়েরা একইভাবে জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজেদের শক্তি প্রদর্শন করবেন।"
কুস্তি, কাবাডি, খো খো, বাস্কেটবল, ফুটবল, হকি, দাবা, ব্যাডমিন্টন এবং টেবিল টেনিসের মতো অভ্যন্তরীণ এবং বহিরঙ্গন, উভয় খেলায় বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকে খেলা মহাকুম্ভ। এগুলি ছাড়াও, খেলা মহাকুম্ভের সময় প্রবন্ধ রচনা, চিত্রাঙ্কন এবং রঙ্গোলি তৈরির প্রতিযোগিতারও আয়োজন করা হয়। ২০২১ সাল থেকে বাস্তির লোকসভা সাংসদ হরিশ দ্বিবেদী বাস্তি জেলায় সংসদ খেল মহাকুম্ভের আয়োজন করছেন৷
