
নয়াদিল্লি, ২১ ডিসেম্বর : সংসদের কাজকর্মে ব্যাঘাত ঘটানোর জন্য বিজেপিকেই দায়ী করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর মতে, ক্ষমতাসীন দলের লোকজন সংসদের কার্যক্রমে ব্যাঘাত ঘটাচ্ছে। সংসদ থেকে ১৪৩ জন সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ প্রদর্শন করেন বিরোধী দলের নেতারা। সেই বিক্ষোভ কর্মসূচি থেকে খাড়গে বলেছেন, "প্রধানমন্ত্রী বারাণসী-সহ সর্বত্র কথা বলছেন, কিন্তু লোকসভা ও রাজ্যসভায় নয় (সংসদ নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা)। আমরা এর নিন্দা জানাই।"
মল্লিকার্জুন খাড়গে আরও বলেছেন, "ক্ষমতাসীন দলের লোকজন সংসদের কার্যক্রমে ব্যাঘাত ঘটাচ্ছে।" খাড়গে যোগ করেছেন, "গতকাল প্রথমবারের মতো সংসদ বিষয়ক মন্ত্রী ১২০ জন সাংসদকে নিয়ে রাজ্যসভায় দাঁড়িয়েছিলেন এবং সাংসদরা স্লোগান দিচ্ছিলেন। এতে বোঝা যায় তাঁদের গণতন্ত্রে বিশ্বাস নেই। "
