
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভারতের অর্থনীতি নিয়ে বিরোধীদের একাংশের সমালোচনার মধ্যেই জিডিপি বৃদ্ধির হার নিয়ে আশাব্যঞ্জক তথ্য সামনে এসেছে। আগে থেকেই আশঙ্কা করা হয়েছিল, আন্তর্জাতিক সংঘাতের প্রভাব এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির জেরে ভারতের অর্থনীতিতে চাপ তৈরি হতে পারে। এমন পরিস্থিতির মধ্যেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, প্রত্যাশার তুলনায় দেশের জিডিপি বৃদ্ধির হার আরও ভালো হয়েছে। এই পরিসংখ্যান সামনে আসার পর ফের ভিডিওবার্তা প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য দেশবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি অর্থনীতি নিয়ে নেতিবাচক প্রচারের অভিযোগ তুলে বিরোধীদেরও নিশানা করেন তিনি।
মঙ্গলবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওতে প্রধানমন্ত্রী বলেন, ‘গোটা বিশ্ব যুদ্ধে ডুবে রয়েছে। রোজ সংঘাতের খবর পাচ্ছি। পণ্য সরবরাহ ক্রমেই কঠিন হয়ে উঠছে। এমন নানা সমস্যা সত্ত্বেও ভারত উন্নতির পথে দ্রুত এগিয়ে চলেছে। জিডিপির হার জেনে গোটা দেশ খুশিতে মাতোয়ারা।’ তারপরই বিরোধীদের একহাত নিয়েছেন মোদি। নাম না করে তিনি বলেন, ‘ভারত একদিকে এমন উন্নতি করছে, অন্যদিকে হতাশায় ডুবে থাকা কিছু মানুষ “ঝুট কি গুঞ্জ” ছড়িয়ে দেশবাসীকে নিরাশ করছে। কিন্তু সেসব মিথ্যেকে ভুল প্রমাণ করে জিডিপি বৃদ্ধিতে এগিয়ে চলেছে ভারত।’
জিডিপি বৃদ্ধির এই অভাবনীয় সাফল্য ধরে রাখতে আত্মনির্ভর ভারত, ভোকাল ফর লোকালের মতো বিষয়গুলিতে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর বার্তা, বেড়ানো বা বিয়ের অনুষ্ঠান বিদেশে করা উচিত নয়। দেশের মাটিতেই হোক এসব। দরকার না পড়লে সোনা কেনাও উচিত নয়। যত বেশি করে ভারতীয় আমজনতা ‘স্বদেশী’ হবেন, তত বেশি উন্নতি হবে দেশের অর্থনীতিতে, এমনটাই মত প্রধানমন্ত্রীর। এভাবেই যুবসমাজকে আরও উন্নত এবং বিকশিত ভারত উপহার দেওয়া যাবে, মনে করছেন প্রধানমন্ত্রী।
অর্থনীতিবিদদের পূর্বাভাস ছিল, ২০২৬-২৭ সালের প্রথম ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধি হতে পারে ৭.১ শতাংশ। কিন্তু সেই প্রত্যাশার চেয়ে জিডিপি বৃদ্ধির হার অনেকটাই বেশি। ২০২৬-২৭ সালের প্রথম ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধি ৭.৮ শতাংশ। এই পরিসংখ্যান প্রকাশ্যে আসতেই প্রধানমন্ত্রী সংবাদ সংস্থা এএনআইকে বলেন, যাঁরা সবটায় ‘গেল গেল’ রব তোলেন তাঁদের হতভম্ব করে এগিয়ে চলেছে দেশ। এবার সেই নিয়ে সেলফি ভিডিও প্রকাশ করলেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, বিজেপির বিরুদ্ধে রাহুল গান্ধীর আনা ৪০টির মধ্যে ২৯টিই মিথ্যে বলে দাবি করে ‘ঝুট কি গুঞ্জ’ নামের একটি ব্যাঙ্গাত্মক ওয়েবসাইট। আজ নিজের বক্তব্যে ‘ঝুট কি গুঞ্জ’ শব্দবন্ধ ব্যবহার করে রাহুলকেই খোঁচা দিলেন প্রধানমন্ত্রী, এমনটাই অনুমান।
7.8% growth.
— Narendra Modi (@narendramodi) September 1, 2026
Strong numbers.
Even stronger confidence. pic.twitter.com/ZVPpnAXrVU
