kolkata

1 hour ago

West Bengal Civic Rules: থুতু থেকে বেআইনি পার্কিং, সবেতেই জরিমানা! আজ থেকেই কার্যকর নয়া নিয়ম

Minister Agnimitra Paul announces strict rules
Minister Agnimitra Paul announces strict rules

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ক্ষমতা বদলকে শুধুমাত্র রাজনৈতিক পরিবর্তন হিসেবে দেখছে না রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার একাধিক সদস্যের বক্তব্যে বারবার উঠে এসেছে প্রশাসন থেকে নাগরিক পরিষেবা—সব ক্ষেত্রেই পরিবর্তনের বার্তা। পুর ও নগরোন্নয়ন দপ্তরের দায়িত্ব নেওয়ার পর থেকেই শহর ও রাজ্যের অন্যান্য এলাকা পরিচ্ছন্ন রাখার উপর বিশেষ জোর দিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেই লক্ষ্যে রাস্তাঘাট নোংরা করা নিয়ে জরিমানার ঘোষণাও করেছিলেন তিনি। সেপ্টেম্বরের ১ তারিখ থেকেই কার্যকর হল সেই নতুন নিয়ম। রাস্তায় থুতু ফেলা, প্রকাশ্যে প্রস্রাব করা, বেআইনিভাবে রাস্তার ধারে গাড়ি পার্কিং কিংবা নির্মাণসামগ্রী হিসেবে বালি-সিমেন্ট ফেলে রাখার মতো ঘটনায় এবার জরিমানা দিতে হবে। নিয়ম ভাঙলে ন্যূনতম ১০০ টাকা থেকে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। মঙ্গলবার নিজের দপ্তরে সাংবাদিক বৈঠক করে নতুন নিয়ম এবং জরিমানার বিষয়টি বিস্তারিতভাবে জানান মন্ত্রী অগ্নিমিত্রা পাল। 

সাংবাদিক বৈঠক থেকে মন্ত্রীর ঘোষণা, ‘‘আমাদের নিজেদের পরিবেশটাকে একটু সুন্দর, সুস্থ রাখার দায়িত্ব আমাদেরই নিতে হবে। এ শহরের রাস্তাঘাটের সঙ্গে অন্যান্য শহরের তুলনাই চলে না। সেসব শহর অত্যন্ত পরিচ্ছন্ন। আমরাও তা না করতে পারলে অন্যদের সঙ্গে পাল্লা দেব কীভাবে? আমি আগেই বলেছিলাম, রাস্তাঘাট পরিষ্কার রাখতেই হবে। এতদিন যা চলত, এখন আর চলবে না। এতদিন ধরে প্রচার করা হয়েছে। আজ থেকে আমরা রাস্তা অপরিষ্কারে জরিমানা চালু করলাম। একটা ন্যূনতম টাকা জরিমানা হিসেবে নেওয়া হবে। পথে থুতু ফেললে বা মলমূত্র ত্যাগ করলে ১০০ থেকে ২০০ টাকা আদায় করা হবে।”

 শুধু থুতু ফেলা বা মলমূত্র ত্যাগ করাই নয়, রাস্তার ধারে বেআইনিভাবে গাড়ি পার্কিং বা বাড়ি তৈরির সময়ে রাস্তার ধারে বালি, সিমেন্ট, স্টোনচিপসের মতো নির্মাণ সামগ্রী বা আবর্জনা ফেলে রাখলেও তা অপরাধ বলে বিবেচিত হবে। সেক্ষেত্রেও একই অর্থ জরিমানা আদায় করা হবে। অগ্নিমিত্রা পাল আরও জানিয়েছেন, ১২০ মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যাগ অর্থাৎ যাতে পরিবেশ দূষিত হয়, এমন ব্যাগ ব্যবহারের ক্ষেত্রেও জরিমানা দিতে হবে। তবে এই জরিমানা নগদে নয়, নেওয়া হবে ডিজিটাল পদ্ধতিতে। এ প্রসঙ্গে মন্ত্রীর বক্তব্য, ‘‘এমনটা ভাবার কারণ নেই যে আমরা সাধারণ মানুষের উপর জরিমানা চাপিয়ে টাকা আদায় করছি। সেটা আমাদের মূল লক্ষ্য নয়। মূল লক্ষ্য হল, জনতাকে সচেতন করা। এধরনের শাস্তি হলে তবে মানুষ নিজে সচেতন হবে।” সুতরাং, সাধু সাবধান! আজ থেকে রাস্তাঘাটে যা খুশি করার আগে মাথায় রাখবেন, অপরাধ ধরা পড়লে জরিমানা দিতে গিয়ে পকেটে টান পড়বে।

You might also like!