
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই একাধিক বিদায়ী বিধায়কের প্রকাশ্য অসন্তোষ ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। সেই আবহেই সোমবার নারায়ণগড়ের নির্বাচনী সভা থেকে কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিক্ষুব্ধদের উদ্দেশে তাঁর স্পষ্ট মন্তব্য,“টিকিট পাইনি বলে এটা নয় যে বিরোধিতা করব।” স্পষ্ট ভাষায় তিনি বললেন, “যারা মানুষের সঙ্গে জুড়ে থাকবেন, তাঁরা টিকিট পাবেন। আর না পেলে তা নিয়ে অসন্তোষের তো কিছু নেই। আমি তো কাউকে অসম্মান করিনি।” এই কথার মাধ্যমে তিনি সরাসরি বুঝিয়ে দিলেন অশান্তি বরদাস্ত করা হবে না।
ছাব্বিশের প্রার্থী তালিকায় বড়সড় রদবদল করেছে তৃণমূল। ৭৪ জন বিদায়ী বিধায়ক ও চার মন্ত্রীকে এ বার প্রার্থী করা হয়নি। তাঁদের মধ্যে কয়েকজন প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন, কেউ কেউ সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিতও দিয়েছেন। এই পরিস্থিতিতে দলীয় শৃঙ্খলা বজায় রাখার প্রশ্নে আপসহীন অবস্থান স্পষ্ট করলেন মমতা। তিনি বলেন, “একবার টিকিট পেয়েছি। পরেরবার পেতে পারি, নাও পেতে পারি। আমি তো কাউকে অসম্মান করিনি। আমাদের লক্ষ্য হওয়া উচিত মানুষের পাশে থাকা। ঐক্যবদ্ধ হয়ে কাজ করা।” সভামঞ্চ থেকে তিনি আরও বলেন, ”টিকিট পাইনি বলে এটা নয় যে বিরোধিতা করব। এটা করলে মানুষ পছন্দ করে না। সম্মানের সঙ্গে সকলকে বলছি, ঐকবদ্ধ হয়ে কাজ করুন। মানুষের সঙ্গে থাকতে হবে।”
প্রসঙ্গত, এর আগে নওদার সভা থেকেও একই সুর শোনা গিয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর কণ্ঠে। তিনি সতর্ক করে বলেছিলেন, “দলকে চাপে রাখতে কেউ যদি মনে করেন বিশৃঙ্খলা করবেন, তাহলে দল কিন্তু ক্ষমা দেবে না। তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।” নারায়ণগড়ের সভা থেকে দলনেত্রীর বার্তায় সেই অবস্থানই আরও জোরালো হল। নির্বাচন ঘিরে তৃণমূল নেতৃত্ব যে ঐক্যবদ্ধ থাকার বার্তাকেই অগ্রাধিকার দিচ্ছে, তা স্পষ্ট।
