
ভূজ, ১৬ মে : অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি, যা হয়েছে সেটা শুধু একটি ট্রেলার। জানিয়ে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, সঠিক সময় এলে আমরা পুরো চিত্রটি বিশ্বকে দেখাবো। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শুক্রবার সকালে নতুন দিল্লি থেকে গুজরাটের ভূজে বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছন। সেখানে তিনি বায়ুসেনার জওয়ান ও অফিসারদের সঙ্গে সাক্ষাৎ করেন। উপস্থিত ছিলেন বায়ুসেনা প্রধান অমর প্রীত সিংও।
"আকাশ-বীরদের" উদ্দেশ্যে বক্তৃতায় রাজনাথ সিং বলেছেন, "১৯৬৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের জয়ের সাক্ষী ছিল ভূজ, আর এখন আবারও পাকিস্তানের বিরুদ্ধে আমাদের জয়ের সাক্ষী হল। এখানে উপস্থিত থাকতে পেরে আমি গর্বিত বোধ করছি। অপারেশন সিঁদুরের সময় আপনারা যা কিছু করেছেন, তা সমস্ত ভারতীয়কে গর্বিত করেছে। পাকিস্তানে পোষিত সন্ত্রাসবাদকে ধ্বংস করার জন্য ভারতীয় বিমান বাহিনীর জন্য মাত্র ২৩ মিনিট যথেষ্ট ছিল।"
রাজনাথ সিং আরও বলেছেন, "এমনকি পাকিস্তানও ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের শক্তি মেনে নিয়েছে। আমাদের দেশে একটা পুরনো কথা আছে, ‘দিন মে তারে দেখা’। ভারতে তৈরি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র পাকিস্তানকে 'রাতের অন্ধকারে দিনের আলো' দেখিয়েছে।" রাজনাথ বলেছেন, "আমি মনে করি পাকিস্তান আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে প্রাপ্ত তহবিলের একটি বড় অংশ নিজ দেশের সন্ত্রাসী পরিকাঠামোর জন্য ব্যয় করবে। ভারত চায় আইএমএফ পাকিস্তানকে তহবিল দেওয়ার বিষয়ে পুনর্বিবেচনা করুক।"
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আরও বলেছেন, "এটা বললে ভুল হবে না যে, মানুষ খাবার খেতে যতটা সময় নেয়, সেই সময়টা আপনারা শত্রুদের মোকাবেলা করার জন্য ব্যবহার করেছেন। শত্রুদের ঠিকানায় গিয়ে আপনারা ক্ষেপণাস্ত্র ছুঁড়েছেন। এর প্রতিধ্বনি কেবল ভারতের সীমান্তে সীমাবদ্ধ ছিল না, পুরো বিশ্ব তা শুনেছে। সেই প্রতিধ্বনি শুধু ক্ষেপণাস্ত্রের নয়, বরং আপনাদের বীরত্ব এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর জওয়ানদের বীরত্বেরও।" রাজনাথ আরও বলেছেন, "আমরা পাকিস্তানকে পরীক্ষায় রেখেছি। যদি তাদের আচরণের উন্নতি হয়, তাহলে ঠিক আছে, অন্যথায়, তাদের কঠোরতম শাস্তি দেওয়া হবে।"
বায়ুসেনার ভূয়সী প্রশংসা করে রাজনাথ সিং বলেছেন, "আপনারা সমগ্র দেশকে বিশ্বাস করিয়েছেন 'নতুন ভারত এখন আর সহ্য করে না, বরং পাল্টা জবাব দেয়'। কৃতজ্ঞ দেশের পক্ষ থেকে, আমি আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।" রাজনাথ বলেছেন, "সমগ্র বিশ্ব দেখেছে আপনারা কিভাবে পাকিস্তানের মাটিতে অবস্থিত ৯টি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করেছেন। পরবর্তীতে গৃহীত পদক্ষেপে তাদের বেশ কয়েকটি বিমান ঘাঁটি ধ্বংস করা হয়েছিল। অপারেশন সিঁদুরের সময় ভারতীয় বিমান বাহিনী কেবল নিজেদের শক্তি প্রদর্শন করেনি বরং বিশ্বকে প্রমাণ করে দিয়েছে, এখন ভারতের যুদ্ধ নীতি এবং প্রযুক্তি পরিবর্তিত হয়েছে।"
