
রায়পুর, ৭ জুলাই : ছত্তিশগড়ের চাহিদা শুধুমাত্র বিজেপিই জানে, আর তাই দিল্লির বিজেপি সরকার ছত্তিশগড়ের দ্রুত উন্নয়নের জন্য সব রকম প্রচেষ্টা চালাচ্ছে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ছত্তিশগড়ের রায়পুরে বিজয় সঙ্কল্প মহা জনসভা থেকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "ছত্তিশগড় গঠনে বিজেপি মুখ্য ভূমিকা পালন করেছে। শুধুমাত্র বিজেপিই ছত্তিশগড়ের চাহিদা সম্পর্ক জানে, আর সেই কারণেই দিল্লির বিজেপি সরকার ছত্তিশগড়ের দ্রুত উন্নয়নের জন্য সব রকম প্রচেষ্টা চালাচ্ছে। আজও ছত্তিশগড়ের উন্নয়নের জন্য ৭ হাজার কোটি টাকারও বেশি অর্থের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
ছত্তিশগড়ের কংগ্রেস সরকারের বিরুদ্ধে তোপ দেগে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "ছত্তিশগড়কে কংগ্রেসের দেওয়া ৩৬টি প্রতিশ্রুতির মধ্যে একটি প্রতিশ্রুতি ছিল, রাজ্যে মদ নিষিদ্ধ করা হবে...কিন্তু এখন ৫ বছর পার হতে চলেছে এবং সত্য হল কংগ্রেস আসলেই হাজার হাজার কোটি টাকার মদ কেলেঙ্কারি করেছে।" কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেছেন, "ছত্তিশগড়ের উন্নয়নের সামনে একটি বড় 'পাঞ্জা' (তাল) দেওয়ালের মতো দাঁড়িয়ে আছে। এটা হল কংগ্রেসের 'পাঞ্জা', যা আপনাদের অধিকার কেড়ে নিচ্ছে। এই 'পাঞ্জা' সিদ্ধান্ত নিয়েছে, ছত্তিশগড়কে লুট করবে এবং ধ্বংস করবে।"
প্রধানমন্ত্রী আরও বলেছেন, বিগত ৯ বছরে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার আওতায় ছত্তিশগড়ের হাজার হাজার আদিবাসী গ্রামে রাস্তা পৌঁছেছে। ভারত সরকার এখানে প্রায় ৩,৫০০ কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়কের প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে প্রায় তিন হাজার কিলোমিটার প্রকল্পের কাজ শেষ হয়েছে।
