
নয়াদিল্লি, ২৪ মার্চ : "মোদী" পদবি বিতর্কে সরব হলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু ৷ ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে প্রচারে "মোদী" পদবি নিয়ে মন্তব্য করেন রাহুল গান্ধী ৷ তাঁর জেরে মানহানির মামলা দায়ের করেন গুজরাতের বিজেপি বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী ৷ এই মামলায় বৃহস্পতিবার দু'বছরের জেল হয়েছে রাহুলের। এই ঘটনাকে ঘিরেই সরগরম জাতীয় রাজনীতি ৷ শুক্রবার আইনমন্ত্রী রাহুল গান্ধীকে কটাক্ষ করে বলেন, "কংগ্রেস নেতা ভারতীয় গণতন্ত্র, সেনাবাহিনী এবং দেশের প্রতিষ্ঠানগুলিকে অপমান করেছেন ৷ তবে শুধুমাত্র সেই কারণে সব "গান্ধী" পদবিধারীদের দোষী বলা যায় না ৷"
প্রসঙ্গত, ২০১৯ সালের ১৩ এপ্রিল লোকসভা নির্বাচনী প্রচারে কর্নাটকের কোলারে একটি জনসভায় তিনি বলেন, "সব চোরেদের একই পদবি "মোদী" হয় কী করে?" তিনি এই মন্তব্যে পলাতক ব্যবসায়ী নীরব মোদী, ললিত মোদীর নাম উল্লেখ করেছিলেন ৷ কিন্তু এ থেকেই বিতর্কের সূত্রপাত হয় । পরে মানহানির মামলাও দায়ের হয় ৷ গতকাল তার রায়ে রাহুলকে দোষী সাব্যস্ত করে এবং দু'বছরের কারাদণ্ডের সাজা দেয় সুরাতের জেলা আদালত ৷ যদিও পরে তিনি জামিন পেয়ে যান ৷ তাঁর এই গ্রেফতারির বিরুদ্ধে সরব হয়েছে আপ-সহ বিরোধী দলগুলি৷ তারা শাসকদলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলে৷ এরপর শুক্রবার সকালে কিরণ রিজিজু টুইট করে এই মন্তব্যটি করেন ৷
এর পাশাপাশি তিনি সমগ্র মোদী সম্প্রদায়ের প্রসঙ্গ টেনে এনে লেখেন, "পুরো ওবিসি সম্প্রদায়ের জন্য রাহুল গান্ধীর মন্তব্য অসম্মানজক এবং লজ্জার ৷ দুর্ভাগ্যজনক যে, এই কংগ্রেস নেতারা তাঁকে সমর্থন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ৷"
