
পাটনা, ১৩ জুন : মতিগতি বোঝা ভার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। রাজধানীর রাজনীতির অলিন্দে কান পাতলে শোনা যায়, কখন যে তিনি কার উপর সদয় হবেন, আবার কখন পাল্টি খাবেন সে একমাত্র তিনিই জানেন। দিনকয়েক আগেই এনডিএ সরকার গঠনের সময় চন্দ্রবাবু নাইডুর পাশে বসে দিব্যি খোশমেজাজে ছিলেন। আবার দেখা গেল বুধবার অন্ধ্রপ্রদেশে মুখ্যমন্ত্রী হিসেবে চন্দ্রবাবু নাইডুর শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি নেই। বুধবার সারাদিন পাটনাতে নিজের বাড়িতেই বসে রইলেন নীতীশ কুমার।
বিষয়টি নজরে আসতেই বৃহস্পতিবার বিরোধী শিবির নেমে পড়ে কটাক্ষ করতে। আরজেডি নেতা ইজাজ আহমেদের মতে, যদিও এটা তাঁদের অভ্যন্তরীন বিষয়। কিন্তু একটা বিষয় পরিষ্কার করে বোঝা যাচ্ছে এনডিএ-র মধ্যে সবকিছু ঠিকঠাক চলছে না। ফাটল দেখা গিয়েছে। কংগ্রেস মুখপাত্র জ্ঞান রঞ্জনের মতে, ইন্ডি জোটকে আক্রমণ করার আগে নিজেদের ঘর দেখুক এনডিএ। যদিও বিজেপির তরফে বলা হয়েছে, বিষয়টি নিয়ে ইন্ডি জোট অহেতুক জলঘোলা করছে।
