নয়াদিল্লি, ৬ অক্টোবর : "আম আদমি পার্টি, যে দল ভারতীয় রাজনীতিতে নীতি ও আদর্শ যুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিল, সে দল সবচেয়ে মূল্যহীন দলে পরিণত হয়েছে।" এএপি-র বিরুদ্ধে আক্রমণ শানিয়ে এই মন্তব্য করলেন বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদী। শুক্রবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে সুধাংশু বলেছেন, দুর্নীতির মামলায় এএপি নেতাদের নাম আসা থেকে বোঝাই যায়, দুর্নীতি এখন এই দলের একটি সাধারণ বিষয়। ত্রিবেদী বলেন, রাজনীতির ময়দানে নৈতিকতা প্রতিষ্ঠার এজেন্ডা নিয়ে আসা আম আদমি পার্টিতে এখন এ সবের অভাব রয়েছে বলে মনে হচ্ছে।
তিনি যোগ করেছেন, পরীক্ষামূলক রাজনীতির যুগ আর নেই, কারণ ভারত বিশ্ব স্তরে একটি নতুন ভূমিকা পালন করতে এগিয়ে গিয়েছে। এএপি নেতা সঞ্জয় সিং-কে গ্রেফতারের বিষয়ে তিনি বলেছেন, "যারা অভিযোগ করছেন যে মামলাটি (দিল্লি আবগারি নীতির মামলা) ভিত্তিহীন, রাউজ অ্যাভিনিউ আদালত অবশ্য বিষয়টি স্পষ্টভাবে পর্যবেক্ষণ করেছে, আদালতের সামনে রাখা বিষয়গুলির প্রেক্ষিতে আদালত মনে করেছে গ্রেফতারি অযৌক্তিক নয়।"
