
নয়াদিল্লি, ২৯ ফেব্রুয়ারি : ভারতীয় রাজনীতিতে একজন অটল, সৎ ও সরলতার প্রতীক ছিলেন মোরারজি দেশাই, বৃহস্পতিবার প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই-এর জন্মবার্ষিকীতে একথা লিখেই তাঁকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার নিজের পূর্বসূরি মোরারজি ভাই দেশাইকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করেছেন। প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে মোরারজি দেশাইকে শ্রদ্ধা নিবেদন করেছেন।
প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন, "শ্রী মোরারজি ভাই দেশাইকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। তিনি ভারতীয় রাজনীতিতে একজন অটল, সৎ ও সরলতার প্রতীক ছিলেন। তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দেশের সেবা করেছেন। গত মন কি বাত অনুষ্ঠানে আমি ওঁনার সম্পর্কে এই কথাই বলেছিলাম।"
ইন্দিরা গান্ধীকে ক্ষমতা থেকে উৎখাত করার পর যখন ভারতীয় জনতা পার্টি ১৯৭৭ সালে দেশে প্রথম অ-কংগ্রেস সরকার গঠন করে, তখন তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। তবে তিনি বেশিদিন পদে থাকতে না পারায় সরকারের পতন ঘটে। মোরারজি দেশাই ১৮৯৬ সালের ২৯ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। ১৯৯৫ সালের ১০ এপ্রিল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
