
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাহুল গান্ধী ও অখিলেশ যাদবরা ক্ষমতায় এলে অযোধ্যার রামমন্দিরের উপর দিয়ে বুলডোজার চালাবে। ইন্ডিয়া জোটের দিকে ফের ধর্মের বাণ চালালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার উত্তরপ্রদেশে প্রচারে এসে মোদী বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের বর্তমান যোগী আদিত্যনাথের সরকারের কাছ থেকে পাঠ নেওয়া উচিত বুলডোজার কোথায় চালাতে হয়।
ভাষণে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বিঁধতে ছাড়েননি মোদী। বলেন, সমাজবাদী পার্টির যুবরাজ এখন এক নতুন পিসির আঁচলে আশ্রয় নিয়েছেন। আর এই নতুন পিসির বাড়ি পশ্চিমবঙ্গে। যিনি এখন বলছেন, ইন্ডিয়া ব্লককে সমর্থন করব কিন্তু বাইরে থেকে।
বরাবাঁকিতে নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী আরও বলেন, সমাজবাদী পার্টি ও কংগ্রেস যদি ক্ষমতায় আসে তাহলে রামলালাকে আবার মন্দির ছেড়ে অস্থায়ী তাঁবুতে চলে যেতে হবে। রামমন্দিরের উপর দিয়ে বুলডোজার চালিয়ে দেব। হিন্দু-মুসলমান শব্দের প্রয়োগ না করেই বলেন, যোগীজির কাছ থেকে ওরা শিক্ষা নিক, বুলডোজার কোথায় চালাতে হয়, কোথায় হয় না।
উত্তরপ্রদেশেও ধর্মীয় মেরুকরণের তাস ফেলে মোদী এদিন বলেন, যোগী আদিত্যনাথের ভক্তরা তাঁর নাম দিয়েছেন 'বুলডোজার বাবা।' কারণ, যোগীজি অপরাধী ও দাঙ্গাবাজদের অবৈধ নির্মাণ ও বাড়িতে বুলডোজার চালিয়ে দিয়েছেন।
মোদী এনডিএ এবং ইন্ডিয়া জোটের ফারাক বোঝাতে বলেন, দেশের উন্নতির জন্য কাজ করে চলেছে এনডিএ। অন্যদিকে ইন্ডি ব্লক গোলমাল পাকানোর চেষ্টা চালাচ্ছে। নির্বাচন যত এগোচ্ছে, ইন্ডি জোট ততই ভেঙে টুকরো হয়ে যাচ্ছে। দেশে অস্থিরতা তৈরির উদ্দেশ্যেই এই জোটের জন্ম হয়েছিল বলে দাবি করেন প্রধানমন্ত্রী।
জওহরলাল নেহরুর পর টানা তৃতীয়বার প্রধানমন্ত্রীর দৌড়ে থাকা মোদী জয়ের হ্যাটট্রিকের বিষয়ে আত্মবিশ্বাসী। তবে মোদী যদি পূর্ণ মেয়াদ প্রধানমন্ত্রীর কুর্সিতে বিরাজ করেন, তাহলে নেহরুর রেকর্ডও ভেঙে ফেলবেন তিনি। সে কারণেও এই ভোট তাঁর কাছে শেষ অগ্নিপরীক্ষা।
এক তিরে রাহুল গান্ধী ও অখিলেশ যাদবকে নিশানা করে মোদী বলেন, একজন কংগ্রেস নেতা বলেছেন রায়বরেলির জনতাই দেশের প্রধানমন্ত্রী নির্বাচন করবেন। আর এটা শোনার পর থেকে সমাজবাদী শাহজাদার মন ভেঙে গিয়েছে। শুধু চোখ থেকে জল পড়েনি, এই যা। কিন্তু, সব স্বপ্ন জলে ভেসে গিয়েছে।
