
মুম্বই, ৬ ডিসেম্বর: সংবিধান প্রণেতা ড: বি আর আম্বেদকরের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আম্বেদকরের স্মৃতিসৌধ 'চৈত্যভূমি'–তে বুধবার সকাল থেকে বহু মানুষের ভিড় জমেছে। সকলেই আম্বেদকরকে শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন। বুধবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নভিস এবং অজিত পাওয়ার ডক্টর বি আর আম্বেদকরকে তাঁর ৬৭-তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন।
সংবিধান প্রণেতার মৃত্যুবার্ষিকী 'মহাপরিনির্বাণ দিন' হিসেবে প্রতিবছর পালিত হয়। এদিন বহু নেতা-মন্ত্রী মুম্বইয়ের দাদার এলাকার শিবাজি পার্কে আম্বেদকরের স্মৃতিসৌধ 'চৈত্যভূমি'তে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রতিবছর ৬ ডিসেম্বর বি আর আম্বেদকরের স্মৃতিসৌধ 'চৈত্যভূমি'-তে রাজ্য জুড়ে হাজার হাজার মানুষ একত্রিত হয়। ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর আম্বেদকরের মৃত্যু হয়েছিল। আম্বেদকরের ভক্তদের ভিড়ের কারণে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) শিবাজি পার্কে অস্থায়ী শেড, মোবাইল টয়লেট, পানীয় জল এবং মেডিকেল স্টল গড়ে তুলেছে। মহারাষ্ট্র সরকার ঘোষণা করেছে যে, ডক্টর আম্বেদকরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৬ ডিসেম্বর মুম্বইতে সরকারী ছুটি পালিত হবে। মঙ্গলবার সরকারের জারি করা একটি বিজ্ঞপ্তি অনুসারে, বুধবার ডাঃ আম্বেদকরের মৃত্যুবার্ষিকীতে মুম্বইয়ের উপ-জেলার সমস্ত রাজ্য এবং প্রশাসনিক অফিস বন্ধ থাকবে।
