
নয়াদিল্লি : লোকসভা নির্বাচনের জন্য ১৯৫ প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি । শনিবার প্রকাশিত এই তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ৩৪ জন কেন্দ্রীয় ও রাজ্যের মন্ত্রী, দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং লোকসভার স্পিকারের নাম রয়েছে।
বিজেপির সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওদে বলেন, “সাম্প্রতিক অতীতে, রাজ্যের জনমত সমীক্ষার পর কেন্দ্রের কাছে নাম পাঠানো হয়েছিল। সেই নামগুলি নিয়ে আলোচনার পর, ১৬টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ১৯৫টি আসনের প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে।”এবারও বারাণসী থেকে নির্বাচনে লড়বেন প্রধানমন্ত্রী মোদী।
বিজেপির প্রথম প্রার্থী তালিকায় জোর দেওয়া রয়েছে মহিলা ও যুবদের উপর। ১৯৫ জনের তালিকায় নাম রয়েছে ২৮ জন মহিলা এবং ৪৭ জন যুব নেতার। তফসিলি জাতির প্রার্থী হয়েছেন ২৭ জন, তফসিলি উপজাতির ২৫ জন, ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণির ৫৭ জন। সবথেকে বেশি প্রার্থী ঘোষণা করা হয়েছে উত্তর প্রদেশের ৫১ জনের। এরপর রয়েছে পশ্চিমবঙ্গের ২০ জনের নাম। এছাড়া, গুজরাটের ১৫ জন, রাজস্থানের ১৫ জন, কেরলের ১২ জন, তেলঙ্গানা ৯ জন, ঝাড়খন্ড ১১ জন, ছত্তীসগড়ের ১১ জন, দিল্লির ৫ জন, জম্মু-কাশ্মীরের ২ জন এবং ত্রিপুরা, গোয়া ও আন্দামান নিকোবর থেকে ১ জন করে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
অরুণাচল প্রদেশের দুটি আসন থেকে ফের প্রার্থী করা হয়েছে কিরণ রিজিজু এবং তাপির গাওকে। নয়া দিল্লি থেকে প্রার্থী হয়েছেন বাঁসুরি স্বরাজ, কমলজিৎ শেরাওয়াত, রামবীর সিং বিধুরি, প্রবীণ খান্ডেলওয়াল এবং মনোজ তিওয়ারিকে। বাঁসুরি স্বরাজ, প্রাক্তন বিদেশমন্ত্রী সুষণা স্বরাজের মেয়ে। বিষ্ণুপদ রায় প্রার্থী হয়েছেন আন্দামান ও নিকোবর থেকে। ডিব্রুগড় থেকে প্রার্থী হচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। গান্ধীনগরের বিজেপি প্রার্থী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লখনউয়ের বিজেপি প্রার্থী রাজনাথ সিং। এছাড়া, পোরবন্দর থেকে মনসুখ মান্ডব্য, গুনা থেকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, বিকানের থেকে অর্জুন রাম মেঘাওয়াল, যোধপুর থেকে গজেন্দ্র শেখাওয়াত, সেকেন্দরাবাদ থেকে জি কিষাণ রেডডি, মথুরা থেকে হেমা মালিনী, খেরি থেকে অজয় মিশ্র টেনি, আমেঠি থেকে স্মৃতি ইরানি, ফতেপুর থেকে সাধ্বী নিরঞ্জন। কোটা থেকেং প্রার্থী হয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। মধ্য প্রদেশের বিদিশা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে। বাংলার ২০ আসনে যাদবপুর থেকে প্রার্থী হচ্ছেন ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়, জয়নগরে অশোক কান্ডারী, কোচবিহারে নিশিথ প্রামাণিক, আলিপুরদুয়ারে মনোজ টিগ্গা, বালুরঘাটে সুকান্ত মজুমদার, মালদা উত্তরে খগেন মুর্মু, মালদা দক্ষিণ শ্রীরূপা মিত্র চৌধুরী, কাঁথিতে সৌমেন্দু অধিকারী, বনগাঁয় শান্তনু ঠাকুর, হুগলিতে লকেট চট্টোপাধ্যায়, বাঁকুড়ায় সুভাষ সরকার, আসানসোলে পবন সিং, বিষ্ণুপুরে সৌমিত্র খান, পুরুলিয়ায় জ্যোতির্ময় সিং মাহাতো, বোলপুরে পিয়া সাহা, হাওড়ায় রথিন চক্রবর্তী, রানাঘাটে জগন্নাথ সরকার, মুর্শিদাবাদে গৌরিশঙ্কর ঘোষ, বহরমপুরে নির্মল কুমার সাহা, এবং ঘাটালে টলি অভিনেতা হিরণ।
