
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আইপিএলের ফাইনাল খেলবে কলকাতা। তার জন্য তৈরি হচ্ছে চিপক। হঠাৎ শুক্রবার খবর পাওয়া গেল দলের সঙ্গে চেন্নাই না গিয়ে মেন্টর গৌতম গম্ভীর ফিরে গিয়েছেন দিল্লিতে। কেন গিয়েছেন তা জানা গেল শনিবার সকালেই। দেশের ষষ্ঠ দফার নির্বাচনে রাজধানীতে ভোট দিলেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক এবং মেন্টর গৌতম গম্ভীর।
পাঁচ বছর আগে দিল্লি থেকে বিজেপির টিকিটে জিতেই তিনি সাংসদ হয়েছিলেন। এবার নির্বাচনের আগেই বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাকে জানান, ভোটে না লড়ার কথা। কারণ, তার আগেই তিনি দায়িত্ব নিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের। আইপিএলের সঙ্গে লোকসভার ভোট -- দুই দায়িত্ব একসঙ্গে সামলাতে পারবেন না বলেই নির্বাচনী ময়দান থেকে সরে আসেন তিনি।
রবিবার আইপিএল ফাইনাল। তাল ঠুকছে চিপক। ধোনির মাঠে কলকাতার প্রতিপক্ষ হায়দরাবাদ। এদিন দিল্লিতে ভোট দিয়েই চেন্নাই উড়ে যাচ্ছেন কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর।
