
গ্যাংটক, ২৫ মার্চ : আবারও বৃষ্টির দুর্যোগ সিকিমে। ভারী বৃষ্টির জেরে উত্তর সিকিমে ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা। ফলে আটকে পড়েছেন বহু পর্যটক। বুধবার সকালে মঙ্গন জেলার কালেক্টর অনন্ত জৈন জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতের ফলে উত্তর সিকিমের চুংথাং-এ একাধিক জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে, এতে সড়ক যোগাযোগ মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।
বহু পর্যটক আটকে পড়েন। এই সময়ে পর্যটকদের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। ভূমিধসের কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় উত্তর সিকিমের চুংথাং অঞ্চলে আটকে পড়া শতাধিক পর্যটকদের জন্য খাবারের ব্যবস্থা করে জেলা প্রশাসন। ভূমিধস ও পাহাড় থেকে পাথর গড়িয়ে রাস্তার ওপর পড়ার কারণে একাধিক জায়গায় রাস্তার ক্ষতি হয়েছে।
