
লাদাখ, ২০ ফেব্রুয়ারি : তিন সপ্তাহের মধ্যে তিন বার কাঁপল কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। এ মাসের গোড়াতে যে দু’বার কম্পন অনুভূত হয়েছে, তা ছিল হালকা ধরনের। কিন্তু সোমবার রাতে কম্পনের তীব্রতা ছিল ৫.৫। যা অপেক্ষাকৃত বেশি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, সোমবার রাত ৯টা ৩৫ মিনিট ১৭ সেকেন্ডে ভূকম্পন অনুভূত হয় লাদাখ এবং কার্গিলে। কম্পনের উৎসস্থল ছিল কার্গিলের ১৪৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। লাদাখের পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে পাক অধিকৃত কাশ্মীরেও। কম্পনের উৎসস্থলও ছিল পাক অধিকৃত কাশ্মীর। তবে এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শুধুমাত্র কম্পনের জেরে আতঙ্কিত হয়ে স্থানীয় বাসিন্দারা ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এসেছিলেন।
