
নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি: মাদক উদ্ধার অভিযানে এখনও পর্যন্ত সবথেকে বড় সাফল্য পেল ভারত। এনসিবি, নৌবাহিনী ও গুজরাট পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদক। এই উদ্ধার অভিযানের জন্য এনসিবি, নৌবাহিনী ও গুজরাট পুলিশকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বুধবার সকালে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, "সমুদ্রে সফল ও সমন্বিত অভিযানে, এনসিবি-র সঙ্গে সমন্বয়ে ভারতীয় নৌবাহিনী প্রায় ৩৩০০ কেজি নিষিদ্ধ (৩০৮৯ কেজি চরস, ১৫৮ কেজি মেথামফেটামিন, ২৫ কেজি মরফিন) মাদক উদ্ধার করেছে। যে পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে, তা এখনও পর্যন্ত সর্বোচ্চ ও সর্বাধিক।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার এক্স মাধ্যমে জানিয়েছেন, "প্রধানমন্ত্রী মোদীর একটি মাদকমুক্ত ভারতের স্বপ্নকে অনুসরণ করে, আমাদের এজেন্সিগুলি দেশের সবচেয়ে বড় অফশোর ড্রাগ বাজেয়াপ্ত করার দুর্দান্ত সাফল্য অর্জন করেছে। এনসিবি, নৌবাহিনী এবং গুজরাট পুলিশের উদ্যোগে এই যৌথ অভিযানে ৩১৩২ কেজি মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। ঐতিহাসিক সাফল্য আমাদের দেশকে মাদকমুক্ত করতে আমাদের সরকারের অটল অঙ্গীকারেরই প্রমাণ।"
