
শ্রীনগর, ২৮ ফেব্রুয়ারি: ভূস্বর্গে আবারও তুষারপাতের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। ভারী তুষারপাতের আশঙ্কার কথা জানানো হয়েছে, এর ফলে সড়ক ও উড়ান পরিষেবা বিঘ্নিত হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, ২৯ ফেব্রুয়ারি সন্ধ্যা অথবা রাতের পর থেকে সক্রিয় একটি পশ্চিমী ঝঞ্ঝা জম্মু ও কাশ্মীর এবং পার্শ্ববর্তী অঞ্চলকে প্রভাবিত করতে পারে।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ২৯ ফেব্রুয়ারি রাতের পর থেকে জম্মু ও কাশ্মীরের নানা অংশে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এমনই আবহাওয়া থাকবে ১ ও ২ ও ৩ মার্চ পর্যন্ত। জম্মু বিভাগের পিরপাঞ্জাল রেঞ্জ এবং কাশ্মীর বিভাগের মধ্য ও উচ্চতর অঞ্চলে (অনন্তনাগ-পহেলগাম, কুলগাম, পির কি গালি, সোনমার্গ-জোজিলা, বান্দিপোরা-রাজদান পাস, গুলমার্গ এবং কুপওয়ারা-সাচনা পাস) প্রভৃতি অঞ্চলে তুষারপাতের পূর্বাভাস জারি করা হয়েছে।
