
রুদ্রপ্রয়াগ, ১২ জুলাই : ক্রমাগত ভারী বৃষ্টিপাতে কিছুটা ব্যাহত হল চার ধাম যাত্রা। সোনপ্রয়াগের কাছে মুনকাটিয়ায় ধসে অবরুদ্ধ হয়ে পড়েছে কেদারনাথ হাইওয়ে। মাটি কাটার যন্ত্র দিয়ে রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে বলে আশ্বাস প্রশাসনের। তীর্থ যাত্রী এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা আধিকারিক নন্দন সিং রাজওয়ার জানিয়েছেন, সাময়িক রাস্তা অবরুদ্ধ সত্ত্বেও কেদারনাথ যাত্রা সুষ্ঠুভাবে চলছে। তাঁর কথায়, কেদারনাথ যাত্রা সুষ্ঠুভাবে চলছে। গৌরিকুণ্ডের কাছে মুনকাটিয়ায় ধসে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। যাত্রাপথে আমাদের সেক্টর অফিসার, অন্যান্য কর্মী এবং 'ওয়েস্ক' দলের সদস্যরাও সর্বদা সতর্ক দৃষ্টি রাখছেন, যাতে কোথাও কোনও সমস্যা দেখা দিলে তাঁরা অবিলম্বে তীর্থযাত্রীদের সহায়তায় এগিয়ে আসতে পারেন।
