
শ্রীনগর, ২০ ফেব্রুয়ারি: যে দিকে চোখ যায়, শুধু বরফ আর বরফ। গুঁড়ো গুঁড়ো বরফের চাদরে মোড়া চারপাশ। নতুন করে তুষারপাতের পর সেই দৃশ্যই চোখে পড়ল জম্মু ও কাশ্মীরের গুলমার্গে। উচ্ছ্বসিত পর্যটকেরা। বরফ দেখার জন্য প্রতি বছর জম্মু ও কাশ্মীরের গুলমার্গে হাজির হন পর্যটকেরা। নৈসর্গিক দৃশ্যের পাশাপাশি স্কিয়িং-সহ বিভিন্ন খেলাধুলোরও ব্যবস্থা থাকে এখানে।
এ বছর শীতের শুরুতে বরফের দেখা মেলেনি গুলমার্গে, কিন্তু ফেব্রুয়ারি মাসের তুষারপাতে বরফের চাদরে ঢাকা পড়েছে চারিদিক। বিগত ২৪ ঘন্টাতেও ভালোই তুষারপাত হয়েছে। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে। সমতলে বৃষ্টি ও পাহাড়ে তুষারপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। গুলমার্গের মতো বরফের চাদরে ঢাকা পড়েছে কার্গিলও। এদিকে, জম্মু ও কাশ্মীরের ১০টি জেলায় হালকা, মাঝারি ও প্রবল তুষারধসের আশঙ্কার কথা জানানো হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে অনন্তনাগ, কুলগাম, ডোডা, কিশতওয়ার, পুঞ্চ, রামবান, বান্দিপোরা এবং বারামুল্লা জেলায় তুষারধসের সম্ভাবনা রয়েছে।
