
চেন্নাই, ২৪ মে: এবার তামিলনাড়ুতে পিক্সেল স্মার্টফোন উৎপাদন করবে গুগল। বৃহস্পতিবার এই সুখবর খবর দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। ফক্সকনের সঙ্গে গাঁটছড়া বেঁধে দক্ষিণের এই রাজ্যে পিক্সেল ফোন তৈরির কাজ শুরু করতে চলেছে গুগল। স্ট্যালিন জানিয়েছেন, গুগলের আধিকারিকরা শীঘ্রই চেন্নাই আসবেন। দীর্ঘদিন ধরেই গুগল ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা চলছিল রাজ্য সরকারের। অবশেষে তামিলনাড়ুতে প্রোডাকশন ইউনিট চালু করার সিদ্ধান্ত নেওয়া হল।
এদিন স্ট্যালিন বলেছেন, ‘চেন্নাইয়ে উৎপাদন কেন্দ্র স্থাপনের দারুণ সুযোগ রয়েছে। এর ফলে উপকৃত হবেন রাজ্যের যুব সম্প্রদায়।’ ২০৩০ সালের মধ্যে রাজ্যে এক ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থনীতির লক্ষ্য রয়েছে স্ট্যালিন সরকারের। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের শিল্পমন্ত্রী টি আর বি রাজা আমেরিকায় গিয়েছিলেন। রাজ্যে এই উদ্যোগ শুরু করার জন্য গুগল ও ফক্সকনের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছিলেন তিনি।
