
আপুলিয়া, ১৫ জুন: ইতালির আপুলিয়া শহরের জি৭ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলেনি। তাঁদের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা-সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী নিজেই এক্স হ্যান্ডেলে এই বৈঠক সম্পর্কে জানিয়েছেন।
মোদী জানান, "প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে খুব ভাল বৈঠক হয়েছে। ভারতকে জি৭ শীর্ষ সম্মেলনের অংশ হতে আমন্ত্রণ জানানোর জন্য ও চমৎকার আয়োজনের জন্য তাঁকে ধন্যবাদ। আমরা বাণিজ্য, শক্তি, প্রতিরক্ষা, টেলিকম এবং আরও অনেক ক্ষেত্রে ভারত-ইতালি সম্পর্ককে আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেছি। উভয় দেশ জৈব জ্বালানি, খাদ্য প্রক্রিয়াকরণ এবং গুরুত্বপূর্ণ খনিজগুলির মতো ভবিষ্যত ক্ষেত্রগুলিতে একসঙ্গে কাজ করবে।"
উল্লেখ্য, আপুলিয়ায় জি৭ সম্মেলন শেষে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ভারতীয় সময় অনুযায়ী, শনিবার ভোররাতে এক্স-এ মোদী জানান, "আপুলিয়াতে জি৭ শীর্ষ সম্মেলনে খুবই ফলপ্রসূ দিন ছিল। বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় ও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।" আতিথেয়তার জন্য ইতালি সরকার ও সে দেশের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
