
নয়াদিল্লি, ৪ মে : অপ্রত্যাশিত আবহাওয়া সাক্ষী থাকলেন রাজধানীর মানুষজন। বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায় রাজধানী, গরমের মাসে কুয়াশা দেখে বিমোহিত দিল্লিবাসী। দিল্লিতে এই ধরনের আবহাওয়া সাধারণত মে মাসে দেখা যায় না। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বাতাসে উচ্চ আর্দ্রতা, শান্ত বাতাস এবং দিনের ও রাতের তাপমাত্রার মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য কুয়াশা তৈরির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করেছে।
আইএমডি অনুসারে, দৃশ্যমানতা ৫০১ থেকে এক হাজার মিটারের মধ্যে হলে কুয়াশা হয়। দিল্লির কিছু অংশে বৃষ্টির পরই আবহাওয়া পাল্টে যায়। সফদারজং অবজারভেটরি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস।
