Country

2 years ago

Fire kills 7 in Mumbai : মুম্বইয়ের গোরেগাঁও-এ বহুতলে আগুনে মৃত ৭; চিকিৎসাধীন ৩৫ জন, শোকপ্রকাশ শিন্ডের

Eknath Shinde (File Picture)
Eknath Shinde (File Picture)

 

মুম্বই, ৬ অক্টোবর : মুম্বইয়ের গোরেগাঁও-এর একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ৭ জন। এছাড়াও কমপক্ষে ৩৯ জন কমবেশি আহত হয়েছেন। শুক্রবার ভোররাতে গোরেগাঁও পশ্চিমে মহাত্মা গান্ধী রোডের একটি সাত তলা (৫ ৫ বিল্ডিং) ভবনে আগুন লাগে, এই অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩৯ জন। আহতদের মধ্যে ৪ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে এবং ৩৫ জনের চিকিৎসা চলছে। নিহতদের এক আত্মীয় বলেছেন, "আমাদের পরিবারের সদস্য ও আত্মীয়রা সেখানে ছিলেন। আমার কাকিমা মারা গিয়েছেন। রাত দেড়টার দিকে একটি শর্ট সার্কিট হয় এবং তারপর আগুন ছড়িয়ে পড়ে... আগুন ৭ তলায় ছড়িয়ে পড়ে।" অপর একজন নিহতের আত্মীয় বলেছেন, "আমরা সকাল ৮টায় আগুনের বিষয়ে জানতে পারি। আমার শ্যালিকা ও আমাদের পরিবারের একটি মেয়ে মারা গিয়েছে। অনেক মানুষ আহত হয়েছে এবং আমার পরিবারের দুইজন মারা গিয়েছে।"

বৃহস্পতিবার গভীর রাতে ওই বহুতলে আগুন লেগে যায়। সেই আগুন এক তলার বেশ কয়েকটি দোকান এবং গাড়ি রাখার জায়গায় ছড়িয়ে পড়ে। বাড়ির বাইরে বেরোতে না পেরে নিজেদের ফ্ল্যাটেই আটকে পড়েন আবাসিকরা। প্রাণ বাঁচাতে বেশ কয়েক জন আবাসিক বহুতলের ছাদে উঠে যান। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন এবং পাঁচটি জলের ট্যাঙ্কার। অ্যাম্বুল্যান্সেও খবর দেওয়া হয়। এর পর সকাল ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। আহতদের উদ্ধারকাজ শুরু হয়। দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। কী করে এই আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও দমকল সূত্রে খবর।

অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি বলেছেন, "আমি পৌর কমিশনার এবং পুলিশের সঙ্গে ক্রমাগত কথা বলছি, যা ঘটেছে তা দুঃখজনক। যারা মারা গিয়েছেন তাঁদের প্রতি সমবেদনা জানাচ্ছি। সরকার তাঁদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেবে, যারা আহত হয়েছেন তাঁদের চিকিৎসা প্রদান করবে সরকার।" মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এক্স মাধ্যমে জানিয়েছেন, "মুম্বইয়ের গোরেগাঁওয়ে অগ্নিকাণ্ডে প্রাণহানির খবর জেনে ব্যথিত।" মহারাষ্ট্রের মন্ত্রী মঙ্গল প্রভাত লোধা বলেছেন, "এটি একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, উচ্চ-পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে, যারা ১৫ দিনের মধ্যে নিজেদের রিপোর্ট জমা দেবে। মহারাষ্ট্র সরকার সমস্ত আহতদের চিকিৎসার সমস্ত খরচ বহন করবে। আহতদের সেরা চিকিৎসা সুবিধা দেওয়া হবে। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, যেখানে আগুন লেগেছিল তার নীচে একটি কাপড় ও বাতিল সামগ্রীর গোডাউন ছিল।" বিজেপি বিধায়ক বিদ্যা ঠাকুর বলেছেন, "যখন আগুন লেগেছিল, তখন বিল্ডিংটি ধোঁয়ায় ভরে গিয়েছিল। তখন রাত ছিল, তাই মানুষ ঘুমাচ্ছিল... ধোঁয়ার কারণে মানুষ সমস্যায় পড়েছিল... এটি একটি বড় অগ্নিকাণ্ড ছিল।"

You might also like!