
মুম্বই, ৬ অক্টোবরঃ মুম্বইয়ের গোরেগাঁও এলাকায় জয় ভবানী বিল্ডিং নামে বহুতলে রাত ৩টে নাগাদ আগুন লাগে। অগ্নিকাণ্ডের জেরে গুরুতর আহত হয়েছেন প্রায় ৪০ জন। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মধ্যে প্রথমে ছয় জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তারপর চিকিৎসারত অবস্থায় মৃত্যু ঘটে আরও একজনের।
মজি রোডের উপর আজাদ ময়দানের কাছে অবস্থিত এই বহুতল। সেখানে প্রথমে রাত ৩টে নাগাদ বিল্ডিংয়ের দ্বিতীয় তলে আগুন লাগে। এবং অতি দ্রুত সেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে বিপত্তির পটভূমি রচনা করে। উপরের তলগুলিতেও ক্রমশ ধাবমান হতে থাকে আগুন। মধ্যরাতে প্রতিটি পরিবারই নিদ্রিত ছিলেন। এই আগুন লাগার বিষয়টি থেকে তাই অজ্ঞাত থেকে যান তাঁরা। আচমকা এই দুর্ঘটনায় ঘটনায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন সকলেই। ভয়ে চিৎকার জুড়ে দেন বাসিন্দারা। হুড়োহুড়ি পড়ে যায় বহুতলে। সকলেই প্রাণ বাঁচানোর তাগিদে বহুতল থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। কিন্তু, বাড়তে থাকা আগুনের জেরে ভিতরেই আটকে পড়েন বহুজন।
