
আলিগড়, ১১ জানুয়ারি: ফাটল-আতঙ্ক এবার উত্তর প্রদেশের আলিগড়ে। আলিগড়ে ফাটল দেখা গিয়েছে বেশ কয়েকটি বাড়িতে। সরকারি মতে, ফাটল ধরা বাড়ির সংখ্যা ৪-৫টি। ইতিমধ্যেই সেই বাড়ির বাসিন্দাদের অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। বুধবার সকালে আলিগড়ের চিফ ইঞ্জিনিয়ার মিউনিসিপ্যাল কর্পোরেশন সতীশ চন্দ্র বলেছেন, যে সমস্ত বাড়িতে ফাটল ধরেছে, সেই বাড়িতে বসবাসকারী মানুষজনকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪-৫টি বাড়ি। মিউনিসিপ্যাল কর্পোরেশনের দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং আমরা একটি সমীক্ষা করছি।
স্থানীয় সূত্রে দাবি, বিপত্তির সূত্রপাত একটি পাইপলাইন বসানোকে কেন্দ্র করে। কেন্দ্রীয় সরকারের ‘স্মার্ট সিটি মিশন’-এর আওতায় আলিগড়ে মাটির তলায় পাইপ বসানোর কাজ হয়েছে। মাটির তলায় জায়গায় জায়গায় সেই পাইপই ফেটে গিয়ে জল বেরিয়ে আসছে। তাতেই স্থানীয় ভূমির গঠনে পরিবর্তন হচ্ছে। তারই ফলশ্রুতি রাস্তা, বাড়িতে ফাটল।
