Country

2 years ago

IIT Bombay : আইআইটি বম্বের হস্টেলের ক্যান্টিনের দেওয়ালে বিতর্কিত পোস্টার

IIT Bombay (File Picture)
IIT Bombay (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ স্কুল কলেজের ক্যান্টিনে ছেলে ছোঁকরার দল মজা করে কত পোস্টারই সেঁটে দেয়, কিন্তু আইআইটি বম্বের হস্টেলের ক্যান্টিনে এক পোস্টার দেখে রীতিমত বিতর্ক  শুরু হয়েছে। ক্যান্টিনের দেওয়ালে কেউ বা কারা একটি পোস্টার সেঁটে দিয়ে গিয়েছেন। তাতে লেখা আছে, ‘‘এখানে কেবলমাত্র নিরামিষাশীরাই বসতে পারবেন।’’ 

দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি বম্বে। অধ্যাপক, কর্মী, ছাত্রছাত্রীদের নিয়ে গড়ে ওঠা সেখানকার পরিবেশ ‘প্রগতিশীল’ হিসাবেই পরিচিত। খাদ্যাভ্যাসের ভিত্তিতে কেন সেখানে বৈষম্য তৈরী হচ্ছে সে বিষয়ে প্রশ্ন উঠেছে। 

রবিবার আইআইটি বম্বের পড়ুয়াদের এক প্রতিনিধি জানিয়েছেন, গত সপ্তাহে ১২ নম্বর হস্টেলের ক্যান্টিনে বিতর্কিত পোস্টারটি দেখা গিয়েছিল। সেই পোস্টারের ছবি বর্তমানে সমাজমাধ্যমেও ভাইরাল। তবে পোস্টারটি কারা তৈরি করলেন, কারাই বা দেওয়ালে সেঁটে দিয়ে গেলেন, তা জানা যায়নি। আইআইটি বম্বে কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে। প্রতিষ্ঠানের এক আধিকারিক জানান, খাদ্যাভ্যাসের ভিত্তিতে ক্যান্টিনে বসার আলাদা কোনও ব্যবস্থা নেই। পোস্টারটি কোথা থেকে এল, কেন এল, তা স্পষ্ট নয়।

এই পোস্টারকাণ্ডের পর হস্টেল কর্তৃপক্ষ প্রত্যেক ছাত্রছাত্রীকে ইমেল মারফত জানিয়েছেন, কেবলমাত্র জৈন ধর্মাবলম্বীদের খাওয়াদাওয়ার জন্য পৃথক ব্যবস্থা আছে। তা ছাড়া, আর কোথাও খাদ্যের ভিত্তিতে আলাদা আসন সংরক্ষিত নেই আইআইটি বম্বেতে।


You might also like!