
নয়াদিল্লি, ২৯ এপ্রিল : নিজেদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করলেন ডাব্লিউএফএই (রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া)-এর প্রধান এবং বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং। তাঁর দাবি, আমি নির্দোষ এবং তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। শনিবার সকালে ব্রিজভূষণ নিজেই জানিয়েছেন, "আমি নির্দোষ এবং তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। আমি তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করতে প্রস্তুত। বিচার ব্যবস্থার প্রতি আমার সম্পূর্ণ আস্থা রয়েছে এবং আমি সুপ্রিম কোর্টের নির্দেশকেও সম্মান করি।"ব্রিজভূষণের ইস্তফার দাবি তুলছেন আন্দোলনরত কুস্তিগীররা, এ প্রসঙ্গে তিনি বলেছেন, "পদত্যাগ করা কোনও বড় কথা নয়, কিন্তু আমি অপরাধী নই। আমি যদি পদত্যাগ করি, তার মানে হবে আমি তাদের (কুস্তিগীরদের) অভিযোগ মেনে নিয়েছি। আমার মেয়াদ প্রায় শেষ। সরকার ৩ সদস্যের কমিটি গঠন করেছে এবং ৪৫ দিনের মধ্যে নির্বাচন হবে এবং নির্বাচনের পর আমার মেয়াদ শেষ হবে।'' ব্রিজভূষণ আরও বলেছেন, "প্রতিদিন তাঁরা (কুস্তিগীর) নিজেদের নতুন দাবি নিয়ে আসছেন। তাঁরা এফআইআর দাবি করেছে, এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং এখন তাঁরা বলছে আমাকে জেলে পাঠানো হোক এবং সব পদ থেকে পদত্যাগ করা হোক। আমি আমার নির্বাচনী এলাকার মানুষের জন্য সাংসদ। শুধুমাত্র একটি পরিবার এবং আখরা (বিরোধিতা করছে) এবং হরিয়ানার ৯০ শতাংশ খেলোয়াড় আমার সঙ্গে আছে।"
মহিলা কুস্তিগীররা ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন, দিল্লি পুলিশ শুক্রবারই বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে দু'টি এফআইআর দায়ের করেছে। দিল্লি পুলিশের এই এফআইআর প্রসঙ্গে ব্রিজভূষণ বলেছেন, "আমি এখনও এফআইআর কপি পাইনি। এফআইআর কপি পেলেই কথা বলবো।"
