
বেঙ্গালুরু, ১৯ ডিসেম্বর : কর্ণাটকে হালাল নিষিদ্ধ করতে বিল আসছে বিধানসভায়। বিধানসভা নির্বাচনের আগে শীতকালীন অধিবেশনে এই বিল পেশ করতে চাইছে বিজেপি। স্বাভাবিকভাবেই বিরোধিতায় সরব কংগ্রেস।
ভারত সরকারের ফুড সেফটি এন্ড স্টানর্ড অথরিটি ছাড়া অন্য কেউ খাবারের গুনমান যাচাই করে সার্টিফিকেট দিতে পারে না। এই মর্মে ব্যক্তিগত বিল আনতে চেয়েছিলেন বিজেপি নেতা এন রবিকুমার। এনিয়ে তিনি কর্ণাটকের রাজ্যপালকে চিঠি দিয়েছিলেন। এবার তিনি চাইছেন দলের তরফে বিলটি পেশ করা হোক বিধানসভায়। সূত্রের খবর, এই বিলেই হালাল মাংস নিষিদ্ধ করার কথা থাকছে। প্রাথমিকভাবে বিজেপির এক বিধায়ক ব্যক্তিগতভাবে বিল পেশের পরিকল্পনা করেছিলেন। কিন্তু বর্তমানে কর্ণাটকে ক্ষমতায় থাকা বিজেপি সরকারিভাবে হালাল মাংস নিষিদ্ধ করার বিল আনতে চাইছে বলে সূত্রের খবর।
সোমবার থেকে কর্ণাটক বিধানসভায় শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। অধিবেশন শুরুর দিনই বিধানসভার অন্দরে সাভারকরের ছবি টাঙানো ঘিরে উত্তেজনা ছড়ায়। শুধু সাভারকর নয়, এদিন বিধানসভায় মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, ড. বি আর আম্বেদকর, নেতাজি সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেলের ছবিও উন্মোচন করেন বোম্মাই। বিধানসভার অন্দরে সাভারকারের ছবি টাঙানো নিয়ে আপত্তি জানায় কংগ্রেস। বিজেপির এই পদক্ষেপের পালটা নেহরুর ছবি হাতে নিয়ে বিধানসভার সিঁড়িতে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী দলনেতা সিদ্দারামাইরা, কংগ্রেসের রাজ্য সভাপতি শিবকুমার-সহ কংগ্রেসের একাধিক নেতা-নেত্রী।
