
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাস্তায় দাঁড়িয়ে চায়ের স্টল থেকে চা কিনে খাচ্ছেন খোদ বিল গেটস! তাঁকে কেউ ডাকেন জনি ডেপ। কেউ ভালবেসে নাগপুরের জ্যাক স্প্যারো। না, তিনি বিশ্বখ্যাত ‘পাইরেটস অব ক্যারিবিয়ান’-এর সেই অভিনেতা জনি ডেপ নন। তবে তাঁকে নকল করে নিজের অভিনব কায়দায়। নাম ডলি। এহেন ডলি চাওয়ালা ইন্টারনেটে বেশ ছেয়ে আছেন। তাঁর সঙ্গেই এবার দেখা হল মাইক্রোসফ্ট কর্তা বিল গেটসের। শুধু দেখা নয়, বিল-ডলির চায়ে পে চর্চা এখন ইন্টারনেটে রীতিমতো ভাইরাল।
‘এক কাপ চা প্লিজ’, ইংরেজিতে বিল গেটসের আবদার শুনেই নিজের বিশেষ স্টাইলে চা বানাতে শুরু করেন ডলি। চোখ ও কানের উপর এসে পড়া এক গোছা চুল সরিয়ে মাথাটা জনি ডেপের মতো নাড়িয়ে, চোখের সানগ্লাস ঠিক করে ডলির সে কী চা বানানো! যেন জলদস্যু জ্যাক স্প্যারো নিজে এসে চা বানাচ্ছেন। ডলির স্টাইল, কায়দা বেশ তারিয়ে তারিয়েই উপভোগ করতে দেখা যায় বিল গেটসকে। এক গ্লাস গরম দুধ চায়ে আলতো চুমুক দিয়ে বিল বলেন, “আহা!”
মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা বিল গেটস সদ্য এসেছেন ভারতে। নানা রাজ্যে ঘুরে দেখছেন। গতকাল গিয়েছিলেন ওড়িশায়। নবীন পট্টনায়কের উদ্বোধন করা মিশন শক্তি বাজার ঘুরে দেখেন। ভুবনেশ্বরের আদর্শ নগরের কলোনিতে বাসিন্দাদের সঙ্গে গল্পগুজবও করেন। মার্কিন ধনকুবেরকে আদর্শ কলোনির মা মঙ্গলা বস্তিতে দেখে লোকজনের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতোই। বাসিন্দাদের ভাল-মন্দের খোঁজ খবর নেন তিনি।
আজ মহারাষ্ট্রের নানা জায়গায় ঘুরছেন বিল। দেখা হয়েছে ইন্টারনেট কাঁপানো চাওয়ালা ডলির সঙ্গে। সেজেগুজে তৈরিই ছিলেন ডলি। এতদিন তিনি ছিলের তাঁর মহল্লার জ্যাক স্প্যারো। বিল গেটসকে দেখে স্বভাবতই অভিভূত হয়ে পড়েন তিনি। তবে ঘাবড়ে না গিয়ে মুখে স্বভাবসিদ্ধ হাসিটা ঝুলিয়ে স্টাইলের সঙ্গে চা বানাতে শুরু করেন। আর সেই চা খেয়ে বেশ তৃপ্তি পেতেও দেখা যায় বিল গেটসকে।
নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ডলি চাওয়ালার সঙ্গে চায়ে পে চর্চার ভিডিও পোস্ট করেছেন বিল গেটস নিজেই। সেই ভিডিও এখন ইন্টারনেটের হট টপিক। বিল লিখেছেন, “ভারতের যে দিকেই যাও না কেন, নতুনত্ব পাবেই। সে এক কাপ চা বানানোর পদ্ধতিও অভিনব!”
