দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ
অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লি আবগারি দুর্নীতি মামলায় এবার জেল হেফাজতে পাঠানো হল। আদালত নির্দেশ দিয়েছে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত তাঁকে জেল হেফাজতে পাঠানোর। অরবিন্দ কেজরিওয়ালকে হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর সোমবার রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হয়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে এদিন আদালতে কেজরিওয়ালকে হেফাজতে চাওয়ার জন্য সওয়াল করা হয়নি। এরপরই বিচারক দিল্লির মুখ্যমন্ত্রীকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। এই মুহূর্তে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই বলে উল্লেখ করেছেন ED-র আইনজীবী এস ভি রাজু।প্রসঙ্গত, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ বাসভবন থেকে গ্রেফতার করা হয় অরবিন্দ কেজরিওয়ালকে। তাঁকে এই মামলায় মোট ন'বার সমন পাঠিয়েছিল কমিশন। কিন্তু, তিনি একবারের জন্যও হাজিরা দেননি। এরপরই ED আধিকারিকরা ২১ মার্চ সন্ধ্যায় তাঁর বাসভবনে তল্লাশি অভিযানে যায়। ঘণ্টাদু'য়েকের জিজ্ঞাসাবাদ পর্ব শেষে গ্রেফতার করা হয় অরবিন্দ কেজরিওয়ালকে। এদিন আদালতে পেশ করার সময় সংবাদমাধ্যমের উদ্দেশে অরবিন্দ কেজরিওয়াল বলেন, 'BJP যা করছে তা দেশের জন্য ভালো হচ্ছে না।'