
নয়াদিল্লি, ৩০ মে : অত্যধিক গরমের মধ্যে জল সঙ্কটে ভুগছে রাজধানী দিল্লি। জলের জন্য মানুষের মধ্যে হাহাকার পড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে দিল্লিতে জল কষ্টের জন্য হরিয়ানাকে দুষলেন দিল্লির মন্ত্রী অতিশী। তাঁর কথায়, জলের জন্য যমুনাই ভরসা দিল্লীবাসীর। যমুনার জলের ওপরই নির্ভরশীল থাকতে হয়।
রাজধানী দিল্লির নানা প্রান্তে জলের সমস্যা দেখা দিয়েছে। স্বাভাবিকভাবেই ক্ষোভ বাড়ছে মানুষের মধ্যে। দিল্লির মন্ত্রী অতিশী বৃহস্পতিবার ওয়াজিরাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শন করেন, কথা বলেন আধিকারিকদের সঙ্গে। পরে তিনি বলেন, "দিল্লিকে নিজস্ব জল সরবরাহের জন্য যমুনা নদীর উপর নির্ভরশীল থাকতে হয়। যমুনা নদীর যে জল দিল্লিতে আসে তা হরিয়ানা থেকে ছাড়া হয়। আমরা ওয়াজিরাবাদ প্লান্ট নিরীক্ষণ করলাম, এখানে জলস্তর হওয়া উচিত ৬৭৪ ফুট। জলস্টর প্রায় ৩.৫ ফুট কম। এখন যমুনার জলস্তর ৩৭০.৩ ফুট। গত বছর এই দিনে জলস্তর ছিল ৩৭৪.৫ ফুট। যমুনা থেকে যে জল আসে তা ওয়াজিরাবাদ, চন্দ্রওয়াল এবং ওখলা জল শোধনাগারগুলিতে সরবরাহ করা হয়। যখন জলের সরবরাহ কমে যাবে এবং হরিয়ানা থেকে আসা জল কমে যাবে, তখন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কীভাবে জল উৎপাদন করবে? আমরা হরিয়ানা সরকারকে একটি চিঠি লিখেছি। হরিয়ানা জল ছাড়ছে না বলে দিল্লির বিভিন্ন অংশে জলের ঘাটতি রয়েছে।"
