
ইমফল, ২ জুন : আজ সোমবার ভোররাত ০২টা ৫৫ মিনিট ৩৯ সেকেন্ডে মৃদু ভূকম্পে কেঁপেছে মণিপুরের চূড়াচাঁদ জেলা। রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতা ছিল ৩.৫। এ ঘটনায় কোনও হতাহত বা অন্যান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি (এনসিএস)-র প্ৰকাশিত তথ্যে জানা গেছে, সোমবার ভোররাত ০২:৫৫:৩৯টায় সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল ছিল মণিপুরের চূড়াচাঁদ জেলার ভূপৃষ্ঠের ১৫ কিমি গভীরে ২৪.০৮° উত্তর অক্ষাংশ এবং ৯৩.৬১° পূর্বে।
এখানে উল্লেখ করা যেতে পারে, গত ২৮ মে ভোররাত থেকে সকাল পর্যন্ত প্রায় নয় (৯) ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্প সংঘটিত হয়েছিল মণিপুরে। প্রথম ভূমিকম্প হয়েছিল ওইদিন ভোররাত ০১টা ৫৪ মিনিট ২৯ সেকেন্ডে। ৫.২ প্ৰাবল্যের ভূমিকম্প আঘাত হেনেছিল মণিপুরের চূড়াচাঁদ জেলায়। এর পর রাত ০২টা ২৬ মিনিট ২৯ সেকেন্ডে ২.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে রাজ্যের ননে জেলায়। তৃতীয় ভূমিকম্প সংঘটিত হয়ে ওইদিন সকাল ১০টা ২৩ মিনিট ৫৫ সেকেন্ডে ফের চূড়াচাঁদ জেলায়। তৃতীয় ভূমিকম্পের তীব্রতা রিখটার স্ক্যালে ৩.৯ ধরা পড়েছিল।
