
ভুবনেশ্বর, ১২ জুন : ওডিশার মুখ্যমন্ত্রী মোহন মাঝির শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষ্যে বুধবার ভুবনেশ্বরে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি বিমানবন্দরে নামতেই তাঁকে স্বাগত জানান ওডিশার বিজেপি কর্মকর্তারা। অমিত শাহও তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য, বুধবার বিকেলে ওড়িশার মাটিতে প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন জনজাতি সম্প্রদায়ের নেতা মোহনচরণ মাঝি। এদিন দুপুরে মোহন মাঝি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজু জনতা দল (বিজেডি)-এর প্রধান নবীন পট্টনায়কের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। জানা গিয়েছে, প্রবীণ রাজনৈতিক নেতা নবীন পট্টনায়ক শুভেচ্ছা ও অভিনন্দন জানান মোহন চরণ মাঝিকে।
