
নয়াদিল্লি, ১ অক্টোবর : রবিবার থেকে ভারতে তাদের দূতাবাস সম্পূর্ণ বন্ধ করার কথা ঘোষণা করল আফগানিস্তান। সরকারের কাছ থেকে সমর্থনের অভাব এবং আফগানিস্তানের স্বার্থে প্রত্যাশা পূরণে ব্যর্থতার কারনেই এই সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তানের তালিবান সরকার ।অনেকদিন আগেই আফগানিস্তান গিয়েছে তালিবানের দখলে। তবে বিভিন্ন দেশে আফগান দূতাবাসে এখনও কাজ করে চলেছেন আগের গণতান্ত্রিত সরকার নিযুক্ত কর্তা ও আধিকারিকরা। ভারতেও এতদিন সেটাই হচ্ছিল। তবে আজ থেকে দিল্লিতে অবস্থিত আফগান দূতাবাসটি বন্ধ হয়ে গেল। দূতাবাসের কর্মীদের অভিযোগ, মোদী সরকারের থেকে সাহায্য না পাওয়ার জেরেই দূতাবাস বন্ধ করতে বাধ্য হয়েছে তারা। কার্যক্রম বন্ধ থাকায় দুঃখ প্রকাশ করেছে দূতাবাস। বিবৃতিতে বলা হয়েছে যে অত্যন্ত দুঃখ ও হতাশার সাথে আমরা নয়াদিল্লিতে আফগানিস্তানের দূতাবাসের কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করছি।
উল্লেখ্য, বিগত দু'দশক ধরে আফগানিস্তানে উন্নয়মূলক কাজের সঙ্গে যুক্ত ভারত। সেই দেশে একাধিক প্রকল্পে বিনিয়োগ করেছিল দিল্লি। আগের গণতান্ত্রিক সরকারের সঙ্গেও ভারতের সম্পর্ক ভাল ছিল। তবে তালিবান ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানে ভারতীয় প্রকল্পগুলি নিয়ে জল্পনা ও আশঙ্কা তৈরি হয়েছিল। তবে ধীরে ধীরে দিল্লি পিছনের দরজা দিয়েই তালিবানের সঙ্গে আলোচনায় বসে শুরু করেছিল। আফগানদের জন্য সাহায্য পাঠানও জারি রেখেছিল। এই পরিস্থিতিতে গত সরকারের নিযুক্ত আফগান কূটনীতিকরা দিল্লিতে অভিযোগ করলেন, ভারত সরকার তাদের যথেষ্ট সাহায্য করছে না। যার জেরে আজ, ১ অক্টোবর থেকে দিল্লির আফগান দূতাবাস বন্ধ করতে তারা বাধ্য হচ্ছেন।
