
আলিপুরদুয়ার, ৮ এপ্রিল : নিত্যপ্রয়োজনীয় নানা সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রসঙ্গ তুলে কেন্দ্রকে খোঁচা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শনিবার আলিপুরদুয়ারে দলের সভায় তিনি দেশের নিত্যপ্রয়োজনীয় সব সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রসঙ্গ তুলে খোঁচা দিতে দেখা যায় অভিষেককে। ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, ”ওরা বলেছিল না আচ্ছে দিন আনেওয়ালে হ্যায়? সরষের তেলের দাম দু’শো টাকা। আপনি যদি বাজারে গিয়ে বলেন, জয় শ্রীরাম, সরষের তেলটা ফ্রিতে পান? বিজেপি জিন্দাবাদ বলে পান? খুব তো জয় শ্রীরামের নামে ভোট চেয়েছিল!”
এখনও দিনক্ষণ ঘোষণা হয়নি। কিন্তু পঞ্চায়েত ভোটের দামামা একরকম বেজেই গিয়েছে। এই অবস্থায় আলিপুরদুয়ারে এক জনসভায় বিজেপিকে তীব্র আক্রমণ করতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একশো দিনের কাজ থেকে নানা ইস্যুতে কেন্দ্রকে কোণঠাসা করার পাশাপাশি বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক তাস খেলার অভিযোগেও সরব হলেন অভিষেক।
শনিবাসরীয় সভায় কেন্দ্র সরকার বকলমে বিজেপিকে তোপ দেগে তিনি বলেন, ”এরা শুধুমাত্র তৃণমূলের শত্রু নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের শত্রু নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শত্রু নয়। এরা বাংলার শত্রু, আলিপুরদুয়ারের শত্রু, আপনার শত্রু, কৃষকের শত্রু, শ্রমিকের শত্রু, ছাত্রর শত্রু, যুবর শত্রু… সবার শত্রু। গায়ের জোরে টাকা আটকে রেখেছে।”
