
পাটনা, ৮ এপ্রিল : বিহারের গয়া জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭০ বছর বয়সী এক মহিলার । এই বছর করোনায় বিহারে এটাই প্রথম মৃত্যুর ঘটনা। এই মহিলাকে গয়ার অনুগ্রহ নারায়ণ মগধ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সেখানেই তার মৃত্যু হয়। তিনি জেলার মখদুমপুরের বাসিন্দা বলে জানা গেছে।
গয়ার সিভিল সার্জন জানিয়েছেন, দুই দিন আগে ওই মহিলার শ্বাসকষ্ট হচ্ছিল। হাসপাতালে আনার পর করোনা পরীক্ষা করা হয়। রির্পোটে করোনার সংক্রমণ পাওয়া যায়। জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নমুনা পাঠানো হয়েছে। গয়া জেলায় আরও চারজন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে।
বিহারে গত ২৪ ঘন্টায় ২০ জন নতুন করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে পাটনা জেলার নয়টি, গয়া জেলার চারটি, রোহতাস জেলায় দুটি, বেগুসরাই, ঔরঙ্গাবাদ, পূর্ব চম্পারন, সহরসা এবং সিওয়ান জেলার একটি করে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। এখন পর্যন্ত ৫০৪৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
