
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কেরলের রেস্তরাঁয় বিরিয়ানি খেয়ে মৃত্যু হল এক মহিলার। বমি, ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৭৮ জন। শনিবার ঘটনাটি ঘটেছে ত্রিশূর জেলার পেরিনজানাম এলাকার একটি রেস্তরাঁয়। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়।
কেরলের ত্রিশূর জেলার পেরিনজানাম এলাকার একটি রেস্তরাঁ ঢালাও 'বিরিয়ানি' বিক্রি করছিল। বিগত কয়েকদিন ধরে সেখানে ভিড়ও হচ্ছিল খুব। শয়ে শয়ে মানুষ সেই বিরিয়ানি খেয়েছেন। তবে গত শনিবার যে ঘটনা ঘটেছে তা আতঙ্ক ছড়িয়েছে আমজনতার মধ্যে। কারণ এই বিরিয়ানি খেয়েই মৃত্যু হয়েছে এক মহিলার। তাঁর নাম উজাইবা, বয়স ৫৬। পাশাপাশি ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৭৮ জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, ওই রেস্তরাঁ থেকে বিরিয়ানি খাওয়ার পরই সকলের বমি হয়, পেটের মারাত্মক সমস্যা দেখা দেয়। অনেকেই পেটের যন্ত্রণায় কাতর হয়ে প্রায় অজ্ঞান হয়ে যান। তড়িঘড়ি সেই সব গ্রাহকদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশের প্রাথমিক অনুমান, বিষক্রিয়ার কারণে এই ঘটনা ঘটেছে। তাঁদের সঙ্গে খাদ্য সুরক্ষা দফতর এই ঘটনায় তদন্ত করছে। কিন্তু প্রশ্ন হল, বিষক্রিয়া হল কী করে?
আসলে যে খাবারটিকে বিরিয়ানি বলা হচ্ছে তা আদতে বিরিয়ানিই নয়। ইয়েমেনের একটি খাবারের রেসিপি থেকে অনুপ্রাণিত হয়ে এই ডিস তৈরি করে ওই রেস্তরাঁ যার নাম 'কুজিমান্থি'। দেখতে পুরোপুরি বিরিয়ানির মতো লাগলেও তার স্বাদ, গন্ধ আলাদা। আর এটির সঙ্গে মেয়োনিস দেওয়া হয়। পুলিশের অনুমান, ওই মেয়োনিস থেকেই বিষক্রিয়া হয়েছে। আপাতত ওই রেস্তরাঁ বন্ধ করে দেওয়া হয়েছে এবং মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রেস্তরাঁয় সার্ভ করা ওই বিরিয়ানির স্যাম্পেল নিয়ে ইতিমধ্যেই পরীক্ষা করা শুরু হয়েছে। পাশাপাশি সেখানে ব্যবহৃত বাসনের পরীক্ষাও করা হবে। রেস্তরাঁটি সঠিক পদ্ধতিতে হাইজিন মেন্টেন করেছিল কিনা সেটাও দেখা হচ্ছে।
