
চেন্নাই, ৩১ ডিসেম্বর : তামিলনাড়ুর নমাক্কল জেলার মোহনপুরে গ্রামে একটি বাজি কারখানার মালিকের বাড়িতে বিস্ফোরণে প্রাণ হারালেন ৪ জন। মৃতদের মধ্যে ৩ জন মহিলা, গুরুতর আহত আরও পাঁচ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কারখানার মালিকের কাছে বৈধ কাগজপত্র রয়েছে। কিন্তু কারখানার বদলে নিজের বাড়িতে প্রচুর বাজি মজুত করে রেখেছিলেন। সেখানেই শনিবার ভোরে কোনওভাবে আগুন লেগে যায়। যার ফলে দুর্ঘটনাটি ঘটে।
বাজির বিস্ফোরণের ফলে গোটা বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে যায় দমকল বাহিনী ও পুলিশ। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সরকারি হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। প্রত্যেকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে।
